দেশের তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত এক সেমিনারে পোশাকমালিকদের উদ্দেশে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আপনারা ট্রেড ইউনিয়নকে গ্রহণ করুন।’
মন্ত্রী বলেন, ‘৪০ লাখ শ্রমিকের এ পোশাক খাতে যে পরিমাণ অসন্তোষ হওয়ার কথা, তার চেয়ে অনেক কম হয়। আপনারা ট্রেড ইউনিয়নকে গ্রহণ করেন। দেখবেন শ্রমিক অসন্তোষ অনেক কমে যাবে।’
‘শ্রমিকসংঘ করতে দেওয়ার স্বাধীনতা এবং সম্মিলিত দর-কষাকষি’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিজিএমইএ। বিজিএমইএ মিলনায়তনে গতকাল বুধবার আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসীকল্যাণমন্ত্রী। নিট পোশাকমালিকদের সংগঠন বিকেএমইএ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার পোশাকমালিকদের যথেষ্ট সহায়তা দিচ্ছে যেন তাঁরা শ্রমিকদের কল্যাণে কিছু করেন, স্বাধীনভাবে শ্রমিকসংঘ করতে দেন এবং সেখানে সম্মিলিত দর-কষাকষি হয়। তিনি বলেন, রানা প্লাজার ঘটনার পর সারা বিশ্বের পর্যবেক্ষণে আছে দেশের পোশাক খাত। পোশাকমালিকদের তাই বিশ্বকে দেখাতে হবে যে তাঁরাও শ্রমিকদের জন্য কিছু করছেন।
সেমিনারে বেশ কয়েকজন পোশাকমালিক বক্তব্য দেন। তাঁদের সবাই বলেন যে তাঁরা ট্রেড ইউনিয়ন করতে দিতে চান। তাঁদের কয়েকজন অবশ্য নিজেদের কারখানায় করতে দেওয়া ট্রেড ইউনিয়ন সম্পর্কে নেতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন। একজন পোশাকমালিক ট্রেড ইউনিয়নে বহিরাগতদের ঢুকে পড়ার আশঙ্কা করেন।
শ্রমসচিব মিকাইল শিপার মালিকদের উদ্দেশে বলেন, যদি শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন করতে চায় তাহলে তাদের তা করতে দিতে হবে। আবার শ্রমিকদেরও অন্যায্য শ্রম কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। শ্রম আইনে তা নিরুৎসাহিত করা হয়েছে।
পররাষ্ট্রসচিব শহিদুল হক বলেন, শ্রমিকসংঘ করতে দেওয়ার ইস্যু শুধু শ্রমিক ইস্যু নয়, এটা মালিকদেরও ইস্যু, শিল্পেরও ইস্যু। তিনি বলেন, মালিক-শ্রমিকের মধ্যে বিশ্বাসভিত্তিক সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। এটা শুধু পোশাক খাতের জন্য নয়, সব খাতের জন্যই প্রয়োজন।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, শিল্পকারখানায় ট্রেড ইউনিয়ন করার বিষয়ে দেশের আইনে কোনো বাধা নেই। ট্রেড ইউনিয়নগুলো নিয়ম মেনে কাজ করলে শ্রমিক ও মালিক সবার জন্য ভালো হবে। তবে দেশের শ্রমিকেরা বেশির ভাগই অশিক্ষিত হওয়ায় প্রথমে তাঁদের শিক্ষিত করতে হবে। মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনাকেও প্রশিক্ষণ দিতে হবে।
বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ট্রেড ইউনিয়ন করতে দিলে মালিকদের কোনো লাভও নেই, ক্ষতিও নেই। তাহলে আমরা কেন এটা করতে দেব না?’ ক্রেতাপ্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম সম্প্রতি পোশাকমালিকদের ট্রেড ইউনিয়ন করতে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি তপন চৌধুরী বলেন, মালিক-শ্রমিকের মধ্যে সম্পর্ক উন্নত করতে হবে। কারণ শিল্পায়নের পূর্বশর্ত হচ্ছে, মালিক-শ্রমিকের ভালো সম্পর্ক। এ জন্য নিয়মিত তাদের মধ্যে সামাজিক সংলাপ হওয়া প্রয়োজন।
আইএলওর উপমহাপরিচালক গিলবার্ট ফুসো হুংবো বলেন, ‘শিল্প বিবাদ দূরে ঠেলে রাখলে হবে না। মালিক-শ্রমিকের মধ্যকার শিল্প সম্পর্কের মাধ্যমে এটা মোকাবিলা করতে হবে।’
সেমিনারে আইএলওর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইউশিটেরো উরামুতু বক্তব্য দেন। উপস্থিত ছিলেন আইএলওর এদেশীয় পরিচালক শ্রীনিবাস রেড্ডি।