'ডিএসইর ভবন কাউকে বরাদ্দ দেওয়া হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিকুঞ্জে নির্মাণাধীন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নিজস্ব ভবন কাউকে স্থায়ী বরাদ্দ দেওয়া হয়নি বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি আহসানুল ইসলাম। আজ সোমবার বিকেলে মতিঝিলে ডিএসইর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আহসানুল ইসলাম বলেন, ‘ডিএসইর এই ভবন (মতিঝিলের ৭/এফ ভবন) এবং নিকুঞ্জের নির্মাণাধীন ভবন কোনো সদস্যকে বরাদ্দ দেওয়া হয়নি। এমনকি কাউকে লিজও দেওয়া হয়নি। ডিএসইর ২৫০ জন সদস্য কেবল ডিএসই-সংশ্লিষ্ট কাজে এই জায়গা ব্যবহার করবেন। অন্য কোনো কাজে নয়।’

গত ৩১ আগস্ট ‘প্রথম আলো’র প্রিন্ট সংস্করণে ‘ডিএসইর ভবন ভাগ-বাঁটোয়ারা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে ডিএসইর সদস্যদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনাও ঘটে। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্পষ্ট করেন ডিএসইর সভাপতি।

এদিকে আগামী পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২৬ সেপ্টেম্বর ডিমিউচুয়ালাইজেশন স্কিমের চূড়ান্ত অনুমোদন দেবে বলে জানিয়েছেন আহসানুল ইসলাম। তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর ডিএসইর স্কিম অনুমোদনের বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। ডিএসইর প্রস্তাবিত স্কিম ও বিএসইসির সুপারিশ পর্যালোচনা করে স্কিমের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আহসানুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুনঃ অর্থায়নের ৩০০ কোটি টাকার তহবিল বরাদ্দের জন্য আইসিবির কাছে এখনো তেমন কোনো আবেদন আসেনি। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো দ্রুত আবেদন করলে আইসিবি অর্থ ছাড় করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

বাজারে স্বল্প মূলধনী কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডিএসইর সভাপতি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে ডিমউচুয়ালাইজেশন নিয়ে আমাদের ব্যস্ততা বেশি থাকায় এই বিষয়ে যথাযথ নজর দিতে পারিনি। আগামী মাস থেকে ডিএসই মনিটরিং জোরদার করা হবে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রতিবেদন বিএসইসির কাছে পাঠানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. শাহজাহান, সহসভাপতি মিজানুর রহমান খান, পরিচালক মিনহাজ মান্নান ইমন, হানিফ ভুঁইয়া, খুজিস্তা নূর-ই নাহরিন, শাহেদ আবদুল খালেক, প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার বালা প্রমুখ।