পণ্যের ভৌগোলিক নির্দেশক আইন নিয়ে সেমিনার
'ঢাকাই জামদানি' নয়, নিবন্ধন নিতে হবে 'জামদানি' নামে
ভারত ‘উপাদ্দা জামদানি’ নামে জামদানি শাড়ির ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন নিয়েছে। অনেকেই বলছেন, বাংলাদেশের জামদানির নিবন্ধন নিতে হবে ‘ঢাকাই জামদানি’ নামে। কিন্তু এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এর নিবন্ধন নিতে হবে ‘জামদানি’ নামেই।
‘পণ্যের ভৌগোলিক নির্দেশক আইন ২০১৩’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেছেন। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। যৌথভাবে এটি আয়োজন করে ডিসিসিআই ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)।
সেমিনারে জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) আইন বাস্তবায়নকারী কর্তৃপক্ষ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের (ডিপিডিটি) যুগ্ম নিবন্ধক ইলিয়াস হোসেন ভূইঞা বলেন, ‘ভারত যেহেতু উপাদ্দা জামদানি নামে জামদানি শাড়ির নিবন্ধন নিয়েছে, সেহেতু আমাদের ঢাকাই জামদানি নামে এর নিবন্ধন করতে হবে।’
তবে এর বিরোধিতা করে সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী বলেন, ‘আমাদের জামদানির যদি ঢাকাই জামদানি নামে জিআই নিবন্ধন হয়, তাহলে কাল কলকাতা জামদানি, পরশু ওডিশা জামদানি বা আরও জামদানি নিবন্ধিত হবে। দয়া করে ঢাকাই জামদানি বলে বলে নিজেদের সর্বনাশ করবেন না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা যত বেশি ঢাকাই জামদানি নামে নিবন্ধনের কথা বলব, তত তা আমাদের জন্য আত্মঘাতী হবে। কারণ, তাতে পরোক্ষভাবে উপাদ্দা জামদানিকে স্বীকৃতি দেওয়া হবে।’
অতিরিক্ত বাণিজ্যসচিব মনোজ কুমার রায় বলেন, ‘জিআইয়ের কারণে একই পণ্যের অন্য প্রস্তুতকারীরা ক্ষতিগ্রস্ত হয় কি না সেটাও বিবেচনা করতে হবে। যেমন যদি বলি ঢাকাই জামদানি, তাহলে দেশের অন্য স্থানের জামদানি প্রস্তুতকারকেরা ক্ষতিগ্রস্ত হবেন। একই ঘটনা ঘটতে পারে টাঙ্গাইল শাড়ির ক্ষেত্রেও। দেশের বিভিন্ন স্থানেও এখন টাঙ্গাইল শাড়ি তৈরি হয়।’
জিআই নিয়ে আলোচনা: সেমিনারের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, জামদানির মালিকানা রক্ষায় শিল্প মন্ত্রণালয় উদ্যোগ নেবে। তিনি বলেন, ‘আমাদের এমন অনেক পণ্যই হয় যেটা পৃথিবীর আর কোথাও নেই। এগুলোকে জিআই পণ্যের নিবন্ধন দেওয়া উচিত।’ এ প্রসঙ্গে ফজলি আম, চাঁপাইনবাবগঞ্জের আম, লালন সংগীত, পদ্মা-মেঘনার ইলিশ, মহিষের দই প্রভৃতি নাম প্রস্তাব করেন তিনি।
ইতিমধ্যে যেসব পণ্য চিহ্নিত হয়েছে, সেগুলো দ্রুত জিআই নিবন্ধন দেওয়ার আহ্বান জানান ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ।
বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বলেন, ‘ভারত এ পর্যন্ত ৪০০টির বেশি পণ্যের জিআই নিবন্ধন করেছে। আমাদেরও নিজেদের উৎপাদিত পণ্য নিবন্ধন করার প্রক্রিয়া আরও বেগবান করতে হবে।’
ঢাকা চেম্বারের একজন সদস্য বলেন, কিছু পণ্য সরকারের পক্ষ থেকেই জিআই নিবন্ধন করা উচিত। যেমন ইলিশ। এটা কোনো সমিতির না। এটা বাংলাদেশের। সরকারকেই নিজ দায়িত্বে এর নিবন্ধন করতে হবে।
জিআই পণ্য নিয়ে একটি গবেষণা করেছেন ইউএসএআইডির শুল্ক বিশেষজ্ঞ মোহাম্মদ আবু ইউছুফ এবং বিএফটিআইয়ের গবেষক শেখ রোকসানা বোরহান। আবু ইউছুফ বলেন, একই পণ্য একাধিক এলাকাতেও উৎপত্তি হতে পারে। সে ক্ষেত্রে ওই সব এলাকার লোকজনই জিআই করাতে পারবেন। যেমন ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশার মধ্যে রসগোল্লার উৎপত্তি নিয়ে বেশ বিতর্ক চলছে।
অন্য গবেষক রোকসানা বোরহান বলেন, গবেষণায় দেখা গেছে, বিশ্বব্যাপী জিআই পণ্যের চাহিদা ভালো হয়। অনেক ক্ষেত্রে ক্রেতারা এসব পণ্যের জন্য ৩০ শতাংশ বেশি দাম দিতেও রাজি থাকেন। জিআই পণ্যকে ঘিরে ওই এলাকায় প্রচুর বিদেশি বিনিয়োগও আসে।