‘তৈরি পোশাকই বাংলাদেশের ব্র্যান্ড’
তৈরি পোশাকই হতে পারে বাংলাদেশের ব্র্যান্ড। কেননা, বাংলাদেশ বিশ্ববাজারে তৃতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ।গতকাল বৃহস্পতিবার ‘মার্কেটিং ফর শেয়ার অব সৌল’ শীর্ষক বক্তব্যে আধুনিক বিপণনের জনক অধ্যাপক ফিলিপ কটলার এভাবেই বাংলাদেশকে তুলে ধরেন।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল মিলনায়তনে তিনি এ বক্তব্য দেন। তিনি বলেন, ‘জার্মানি হাইফ্যাশন পোশাক তৈরির যন্ত্রপাতি বিপণনের মাধ্যমে নিজেদের ব্র্যান্ডিং করেছে। সুইজারল্যান্ড ছোট দেশ, জনসংখ্যা কম, তবু বিভিন্ন পণ্য দিয়ে নিজেদের ব্র্যান্ডিং করেছে। তাই তৃতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবেও বাংলাদেশ নিজেদের ব্র্যান্ডিং করতে পারে।’কটলার আরও বলেন, বর্তমান বিশ্বে দুই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। একটি হলো, এশিয়ার মতো উচ্চ প্রবৃদ্ধি; আর অন্যটি হলো, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো নিম্ন প্রবৃদ্ধি। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক দিয়ে ঊনবিংশ শতাব্দী ছিল যুক্তরাজ্যের, বিংশ শতাব্দী হলো যুক্তরাষ্ট্রের আর একবিংশ শতাব্দী হবে এশিয়ার।