
উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা ও ব্যবসা শুরু করতে আগ্রহী নারীদের কাছ থেকে ৭ হাজার ৫৫০টি আবেদনপত্র পেয়েছে ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশন। আত্মপ্রত্যয়ী নারীদের স্বপ্নপূরণে পাশে থাকার লক্ষ্যে শুরু হওয়া ‘তোমার স্বপ্ন করো সত্যি’ ক্যাম্পেইনের আওতায় এই আবেদনপত্র আহ্বান করা হয়েছিল। আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত নারীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ এবং কারিগরি প্রশিক্ষণের জন্য অনুদান বা ব্যবসা শুরু করার মূলধন দেওয়া হবে। এ জন্য দেশের ছয়টি বিভাগে ইতিমধ্যে ইন্টারভিউ সেশন শুরু হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিভাগের সেশন। এই সেশনে বিচারক ছিলেন সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চের (সিডিআরবি) চেয়ারম্যান মিজানুর রহমান শেলী, মোহাম্মদী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রুবানা হক, কথাশিল্পী সেলিনা হোসেন এবং অ্যাডকমের চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী। বিজ্ঞপ্তি।