'থিঙ্ক উইথ গুগল' প্ল্যাটফর্মে বাংলাদেশি ক্যাম্পেইন

‘স্পিরিট অব রমজান’ নামে প্রথমবারের মতো একটি বাংলাদেশি ক্যাম্পেইন ‘থিঙ্ক উইথ গুগল’ প্ল্যাটফর্মের জন্য নির্বাচিত হয়েছে। ‘থিঙ্ক উইথ গুগল’ একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা সর্বশেষ বিপণন গবেষণা, প্রতিবেদন, গাইড এবং ইনফোগ্রাফিকসের মাধ্যমে বাজারের বিভিন্ন চিত্র প্রকাশ করে।

পবিত্র রমজান মাস শান্তি ও সংযমের মাস। এই মাসে ধনী মুসলমানেরা গরিবের কষ্ট উপলব্ধি করার চেষ্টা করে। বাংলাদেশে সাড়ে ১৬ কোটি মানুষের ৯০ শতাংশ মুসলিম। কিন্তু একটি দুঃখজনক বিষয় হচ্ছে, বাংলাদেশে পবিত্র রমজান মাসে ইফতারে প্রচুর খাবারের অপচয় হয়। এই খাবার অপচয় না হলে বহু ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফুটতে পারত সহজেই।

‘স্পিরিট অব রমজান’ ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড ‘নর’ এবং ‘পিউরইট’-এর একটি অনলাইন ক্যাম্পেইন, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করে। এই ক্যাম্পেইনকে অধিক কার্যকর করার জন্য ইউটিউবকে সর্বোত্তমভাবে ব্যবহার করা হয়। এখানে ইউটিউবে ‘কল টু অ্যাকশন’ ভিডিও ক্যাম্পেইন করা হয়। এ ছাড়া ট্রুভিউ, বাম্পার অ্যাডকেও কাজে লাগানো হয়। ২০১৭ সালে এই ক্যাম্পেইনে সাধারণ মানুষকে ব্যাপকভাবে উৎসাহিত করা হয়, যেন তারা ভাগ্যাহত মানুষকে খাবার দান করতে উদ্বুদ্ধ হয়। ক্যাম্পেইন শুরুর পর এখন পর্যন্ত চার লাখ মানুষ ইউটিউবে ভিডিওটি দেখেছেন। ৩৫ হাজারের বেশি ডোনেশন পাওয়া গেছে।

‘স্পিরিট অব রমজান’ নামের এই ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল খাবারের অপচয় রোধ করা এবং সাধারণ মানুষকে দরিদ্রদের জন্য খাবার ও বিশুদ্ধ পানি দান করতে উদ্বুদ্ধ করা। ইউলিভার এ ক্যাম্পেইনে ‘বিদ্যানন্দ’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানকে অংশীদার করেছিল।
এই ক্যাম্পেইন ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার পর তা ব্যাপক সফলতার মুখ দেখে এবং ২০১৭ সালেও এটি পরিচালনা করা হয়। ২০১৭ সালে ডোনেশনের প্রতিশ্রুতি পাওয়ার পর পরবর্তী সময়ে খাদ্য সংগ্রহ করা হয়, সেগুলোর মানের পরীক্ষা করা হয় এবং খাবার রান্না করে ঢাকার বিভিন্ন স্থানে বিতরণ করা হয়। ইউনিলিভারের স্বেচ্ছাসেবকেরা ঢাকার বিভিন্ন দরিদ্র শিশু এবং হতদরিদ্র পরিবারের মধ্যে এই খাবার বিতরণে সর্বাত্মক সহযোগিতা করে।
স্পিরিট অব রমজানের বিস্তারিত পাওয়া যাবে- https://apac.thinkwithgoogle.com/intl/en/case-studies/spirit-of-Ramadan-in-Bangladesh.html -এ। প্রেস বিজ্ঞপ্তি।