‘দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার ধরতে হবে বাংলাদেশকে’
দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার ধরার জন্য বাংলাদেশকে সক্রিয়ভাবে কাজ করতে পরামর্শ দিয়েছেন সিটিগ্রুপের আসিয়ান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রধান এবং সিটির সিঙ্গাপুরের আবাসিক প্রধান মাইকেল জিংক।বাংলাদেশ সফরকালে গত সপ্তাহে প্রথম আলোর সঙ্গে আলাপকালে মাইকেল জিং আরও বলেন, ব্রিকস জোট নিয়ে সবাই অনেক কথাবার্তা বলছে। কিন্তু আসিয়ান জোট সমন্বিতভাবে একটি বিরাট বাজার। বাংলাদেশের উচিত আসিয়ানভুক্ত দেশগুলোকে পৃথকভাবে না দেখে সামগ্রিকভাবে বিবেচনা করা। আসিয়ান জোটের অন্তর্ভুক্ত দেশগুলো হলো: ব্রুনাই, কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম ও মিয়ানমার। অন্যদিকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ব্রিকস জোট গঠিত।মাইকেল জিং মনে করেন, বাংলাদেশের বিপণনের মতো পণ্য ও সেবা আছে। আর তার বড় বাজার হতে পারে আসিয়ান। উদাহরণ দিয়ে তিনি বলেন, চীন, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আসিয়ানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। ভারতও এই প্রক্রিয়ার মধ্যে আছে। তার মানে হলো, বিরাট ও সম্ভাবনাময় বাজার হিসেবে আসিয়ান স্বীকৃত। আর ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে বাংলাদেশের বেশ কাছেই এই বাজারের অবস্থান।মাইকেল জিং আরও বলেন, ‘বিনিয়োগের গন্তব্য হিসেবে বাইরের কাছে নিজেকে উপস্থাপন করা খুব জরুরি। বাংলাদেশকে নিজের গল্পটা তুলে ধরতে হবে।’ পরিশ্রমী জনগোষ্ঠী, ক্রমবর্ধমান শিক্ষিত জনশক্তি আর বার্ষিক ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন বাংলাদেশকে আকর্ষণীয় করে তুলেছে বলেও মনে করেন তিনি।সিটিব্যাংক কীভাবে বাংলাদেশকে এই কাজে সহায়তা করতে পারে জানতে চাইলে মাইকেল জিং বলেন, ‘আমরা উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের সাফল্য ও সম্ভাবনাগুলো তুলে ধরতে পারি। ইতিমধ্যে আমরা তা করছিও। কেননা, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় উদ্যোক্তা-বিনিয়োগকারী আমাদের গ্রাহক।’বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকেও ইতিবাচক বলে মনে করেন মাইকেল। তাঁর মতে, মূল্যস্ফীতি কমছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, বাড়ছে রপ্তানি ও আমদানি। এগুলো কোনোভাবেই কম অর্জন নয়। সিটিব্যাংকের ২০০ বছরে পদার্পণকে বিশ্বের আর্থিক খাতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবেও অভিহিত করেন মাইকেল জিং। তিনি বলেন, বিশ্বের খুব কম আর্থিক প্রতিষ্ঠানই ২০০ বছর পর্যন্ত টিকতে পেরেছে। তিনি আরও বলেন, ২০০ বছরে সিটি অনেকগুলো বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও আর্থিক সংকট মোকাবিলা করেছে। সর্বশেষ ১৯৯৭-৯৮ সময়কালে এশিয়ান আর্থিকসংকট ও ২০০৮-০৯ সময়কালে আমেরিকাসৃষ্ট বিশ্ব আর্থিকসংকট সিটি সাফল্যের সঙ্গে মোকাবিলা করতে পেরেছে।