'দাদি, আমার আব্বুরে দেহা না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫, ২৪ এপ্রিল
রানা প্লাজার সামনে, রাজধানীর জুরাইনে নিহত শ্রমিকদের কবরস্থানে এবং জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়।

রানা প্লাজার সামনে হতাহত শ্রমিকদের শোকার্ত স্বজন ও সাধারণ মানুষ l প্রথম আলো
রানা প্লাজার সামনে হতাহত শ্রমিকদের শোকার্ত স্বজন ও সাধারণ মানুষ l প্রথম আলো

পাঁচ বছর বয়সেই বাবাকে হারায় খোকন পারভেজ। আর মা থাকতেও নেই। রানা প্লাজার ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে বাবা সিদ্দিক মিয়া মারা যাওয়ার পর মা মোর্শেদা তাকে ফেলে অন্যের হাত ধরে চলে যান। এর পর থেকেই তার ঠাঁই হয়েছে বৃদ্ধা দাদি শহরভানুর কাছে।
গতকাল শুক্রবার রানা প্লাজার ভবন ধসের দুই বছর পূর্তিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিবাদ সমাবেশে যোগ দিতে আসা দাদির সঙ্গে এসেছিল খোকনও। সেখানেই দাদির কাছে তার জিজ্ঞাসা, ‘দাদি, আমার আব্বুরে দেহা না, তুই না কইচিলি তর আব্বুর কাচে নিয়া যাইতাচি। কো আমার আব্বু কোতায়।’ তার এ প্রশ্নের জবাব দিতে পারেননি শহরভানু। শুধু আঁচলে চোখের জল মুছে নীরবে কেঁদেছেন তিনি।
খোকনের মতো আরও অনেক স্বজনহারাই গতকাল জড়ো হয়েছিলেন ধসে পড়া রানা প্লাজার সামনে। তাঁদের চোখের পানি আর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
নিহত ব্যক্তিদের স্মরণে নানা কর্মসূচি নিয়ে ধসে পড়া রানা প্লাজার সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। স্থানে স্থানে আয়োজন করা হয় মানববন্ধন আর বিক্ষোভ সমাবেশের। সমাবেশ শেষে মিছিলও বের করা হয় ধসে পড়া ভবন-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে।
ভোর থেকেই ধসে পড়া ভবনের সামনে স্থাপিত বেদিতে ফুল দিয়ে নিহত ব্যক্তিদের স্মরণ করে ঢাকা জেলা ও পুলিশ প্রশাসন, রানা প্লাজা শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, শ্রমিক নিরাপত্তা ফোরাম, ফায়ার সার্ভিস, রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। 

ভবনধসে হতাহত শ্রমিকদের সন্তানেরা ক্ষতিপূরণের দাবিতে গতকাল রানা প্লাজার সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় l এএফপি
ভবনধসে হতাহত শ্রমিকদের সন্তানেরা ক্ষতিপূরণের দাবিতে গতকাল রানা প্লাজার সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় l এএফপি


মৃত স্বামীকে স্মরণ করতে ধসে পড়া রানা প্লাজার সামনে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিতে এসেছিলেন রত্না আক্তার। তাঁর স্বামী রুহুল আমিন কাজ করতেন ওই ভবনের নিউ ওয়েব স্টাইলে। ভবন ধসের ১৪ দিন পর তাঁর লাশ পাওয়া যায়।
রত্না বলেন, ‘২০০৯ সালে রুহুলের সঙ্গে আমার বিয়ে হয়। এর পর থেকে আমরা সাভারের আড়াপাড়ায় থাকতাম। অভাবের সংসার হলেও ও আমাকে কাজ করতে দিত না। কিন্তু একমাত্র ছেলের ভরণপোষণের জন্য আমাকে এখন পোশাক কারখানায় কাজ করতে হচ্ছে।’
ধসে পড়া ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হক বলেন, ওই ধসের ঘটনা নিছক দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডে অনেক সন্তান তার বাবা-মাকে হারিয়েছে। অনেকে হয়েছেন সন্তান ও স্বামীহারা। এ জন্য যাঁরা দায়ী, তাঁদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করলে নিহত ব্যক্তিদের আত্মা শান্তি পাবে না।’
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার বলেন, দুই বছর পার হলেও ক্ষতিগ্রস্তদের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়নি। দায়ী ব্যক্তিদের অনেকেই জামিনে আছেন। তাঁদের বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। রানা প্লাজার ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করার জন্য আইন বদলের উদ্যোগ নেওয়া হয়নি, যা এ শিল্প বিকাশে ক্ষতিকারক।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভানেত্রী নাজমা আক্তার বলেন, শুধু মালিক ও সরকারের অবহেলা আর অতি মুনাফার কারণে নিরীহ শ্রমিকেরা বারবার লাশে পরিণত হচ্ছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডা. জাফর উল্লাহ চৌধুরী বলেন, শ্রমিকেরা গণতন্ত্রের ভিত্তি। অথচ এ দেশে তাঁরাই সবচেয়ে অবহেলার শিকার হন।
সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বক্তিদের সহযোগিতার পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ ও ভবনধসের দিনটিকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আশরাফ উদ্দিন খান।