সরকারি জাকাত তহবিল (ফান্ড) সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দ্যাট ইজ ডেড।’ তিনি বলেন, কেউ এই তহবিলের কোনো খোঁজ নেয় না।
সচিবালয়ে গতকাল রোববার সেন্টার ফর দ্য জাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।
সিজেডএমের চেয়ারম্যান নিয়াজ রহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আইয়ুব মিয়া, উপদেষ্টা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের মহাসচিব এ কে এম নূরুল ফজল বুলবুল প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রীর কাছে জাকাতের অর্থের ওপর কর অব্যাহতির দাবি জানান নিয়াজ রহিম। অর্থমন্ত্রী বলেন, ‘এটি প্রক্রিয়ার ব্যাপার। সময় লাগবে।’
অর্থমন্ত্রীকে জানানো হয়, জাকাতের টাকায় দেশের বিভিন্ন জেলার পাঁচ হাজার পরিবারকে আর্থিকভাবে সহায়তা করছে সিজেডএম। সরকার কিছুটা সহায়তা করলে এই কার্যক্রম আরও জোরদার করা যাবে। এ জন্য জাকাত প্রদানকারী ও জাকাতের জমা করা অর্থ থেকে কর অব্যাহতি দরকার।
সিজেডএমের সিইও মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান জাকাতের টাকা বিতরণের জন্য সিজেডএমে আসছে। জাকাত দেওয়া অর্থের ওপর কর মওকুফ করা হলে আরও শিল্পপ্রতিষ্ঠান এগিয়ে আসবে।
বর্তমানে ২৫টি শিল্প গ্রুপ সিজেডএমের মাধ্যমে জাকাত বিতরণের প্রস্তাব দিয়েছে উল্লেখ করে বৈঠকে জানানো হয়, কর অব্যাহতি দেওয়া হলে এই তহবিল থেকে বছরে এক লাখ মানুষকে সহায়তা করা সম্ভব।
ধর্ম মন্ত্রণালয়ের অধীন সংস্থা জাকাত বোর্ড। ১৯৮২ সালের এক অধ্যাদেশে জাকাত বোর্ডকে একটি জাকাত তহবিল গঠনের ক্ষমতা দেয় সরকার। পরের বছর ১৯৮৩ সালে প্রণীত হয় জাকাত (সংগ্রহ ও ব্যবহার) বিধিমালা। সে অনুযায়ী ধাপে ধাপে গঠিত হয় কেন্দ্রীয় ও জেলা জাকাত কমিটি।
অর্থমন্ত্রী যে সরকারি জাকাত তহবিলকে মৃত (ডেড) বলেছেন, এ বিষয়ে জানতে চাইলে গত রাতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাকাত বোর্ডের সদস্যসচিব সামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘আইনকানুনকে পাশ কাটিয়ে সংগঠনটি যদি জাকাত সংগ্রহ করে থাকে, আমি বলব তারা ঠিক কাজ করছে না। সরকারি তহবিল থাকা সত্ত্বেও বেসরকারি কোনো সংগঠন এইভাবে জাকাত সংগ্রহ করতে পারে না।’
জাকাত বোর্ড শিগগির অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ে হালনাগাদ চিত্র পাঠাবে বলে জানান তিনি।