চাকরি ও বেতন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন
'নতুন বেতনকাঠামোর সুপারিশ এক বছরের আগে নয়'
জাতীয় বেতনকাঠামোভুক্ত সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর সুপারিশ এক বছরের আগে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন দেশের অষ্টম বেতন ও চাকরি কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন।
তবে ফরাসউদ্দিন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যাতে সচ্ছল জীবন যাপন করতে পারেন, নতুন বেতনকাঠামোর সুপারিশ তৈরির ক্ষেত্রে সে বিষয়টি বিবেচনায় রাখা হবে।
রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে গতকাল রোববার অনুষ্ঠিত কমিশনের এক বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের এই সাবেক গভর্নর সাংবাদিকদের এসব কথা বলেন।
বর্তমানে বিভিন্ন ক্যাডার ও বিভাগে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে বেতন-ভাতা পান, তাতে অনেক বৈষম্য রয়েছে। সেগুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশ করতে গত ২৪ নভেম্বর ১৭ সদস্যের বেতন ও চাকরি কমিশন গঠন করে সরকার।
বর্তমানে দেশে ১৩ লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ফরাসউদ্দিন সাংবাদিকদের জানান, গত দুই মাসে অনেক কাজই করা হয়েছে কমিশনের। তবে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়েছে গতকাল। আগামী ছয় থেকে নয় মাসে কী কী কাজ এবং কীভাবে করা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পান, তা দিয়ে তাঁদের জীবনযাত্রার মানে স্থিতিশীলতা আনতে হবে বলে মনে করেন ফরাসউদ্দিন।
ফরাসউদ্দিন বলেন, একটা নতুন ধরনের পরিকল্পনা আছে এবারের কমিশনের। বেতন-ভাতা বাড়ানো হলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উৎপাদনশীলতা বাড়বে। স্বচ্ছতা বাড়বে তাঁদের কাজে-কর্মে। কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারীকে হয়তো অসৎ পথে যেতে হয়। নতুন বেতনকাঠামো এমনভাবে তৈরি করা হবে, যা তাঁদের অসৎ পথে যাওয়া থেকে বিরত রাখবে।
দেশের সমৃদ্ধির জোয়ারে জোরদার হাওয়া লাগানোর আহ্বান জানিয়ে ফরাসউদ্দিন বলেন, ‘আমাদের বড় উদ্দেশ্য হলো, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেন মনে-প্রাণে নিবেদিত হয়ে দক্ষভাবে ও সৎভাবে কাজ করতে পারেন।’
প্রতিবেদন-সংবলিত সুপারিশ তৈরির সময়সীমা জানতে চাইলে ফরাসউদ্দিন বলেন, ‘এই মুহূর্তে বলা মুশকিল। তবে আগামী ছয় মাসের মধ্যে দেওয়া সম্ভব হবে না।’
প্রসঙ্গত, আগামী ১৭ জুনের মধ্যে কমিশনকে সুপারিশ-সংবলিত একটি প্রতিবেদন তৈরির সময়সীমা বেঁধে দেওয়া হয়।
কোনো বেতন কমিশনের প্রতিবেদনই ১২ মাস, ১৪ মাস বা ১৫ মাসের আগে হয়নি উল্লেখ করে ফরাসউদ্দিন বলেন, ‘আমরাও যে ৯, ১০ বা ১২ মাসের আগে দিতে পারব, সেটা বলা ঠিক হবে না।’
বিদ্যমান বেতন ও চাকরি কমিশন কি স্থায়ী কোনো কমিশন, নাকি অস্থায়ী—এমন প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এখন পর্যন্ত এটা বেতন ও চাকরি কমিশন। স্থায়ী কমিশন হবে বলে ঘোষণা দিয়েছে সরকার। তবে তা হতে একটু সময় লাগবে।’
কমিশনের কার্যপরিধিতে বলা হয়েছে, সুপারিশ তৈরির সময় বাবা-মাসহ ছয়জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় এবং দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বিবেচনায় রাখা হবে। আগের সব কমিশনে চারজনের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নেওয়া হতো।