'না পোষালে চামড়া কিনব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ হোসেন
মোশাররফ হোসেন

প্রথম আলো: বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে এবার চামড়া বেচাকেনা হলো। এ নিয়ে কি কোনো জটিলতা হতে পারে?
মোশাররফ হোসেন: আমরা ট্যানারি মালিকেরা চামড়া রপ্তানি করি। তাই আমরা চাই চামড়ার বাজারটা স্থিতিশীল থাকুক। কিন্তু এবার মাঠপর্যায় থেকে যাঁরা চামড়া সংগ্রহ করেছেন, তাঁরা বাজারটাকে অস্থিতিশীল করেছেন। আমাদের যত চামড়া লাগে, তার ৫০ থেকে ৬০ ভাগ ভালো মানের চামড়া কোরবানিতে পাওয়া যায়। আর সারা বছর পাওয়া যায় নিম্নমানের চামড়া, সেটা কম দামে কেনা হয়। দুটি মিলিয়ে আমরা পুষিয়ে থাকি। কিন্তু এবার রপ্তানি পরিস্থিতি খারাপ হওয়ায় অনেক ট্যানারি মালিকেরই আগের চামড়া এখনো মজুত পড়ে আছে। যে কারণে প্রয়োজনের অতিরিক্ত মজুত কেউ করবেন না। ফলে বেশি দাম দিয়ে চামড়াও কেউ কিনবেন না। জটিলতার এখনো তেমন আশঙ্কা করছি না। তবে বেশি দাম দিয়ে যাঁরা চামড়া কিনেছেন, তাঁরা লোকসান গুনবেন।
প্রথম আলো: ট্যানারি মালিকদের অনেকে তো চড়া দামেই ঈদের দিন চামড়া কিনেছেন?
মোশাররফ হোসেন: ট্যানারি মালিকদের কেউ কেউ বেশি দামে এবার চামড়া কিনেছেন। তবে তা খুব বেশি পরিমাণে নয়। তাঁদের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, তাঁদের রপ্তানির এলসি (ঋণপত্র) আছে। ঈদের পরপরই তাঁদের চামড়া জাহাজীকরণ করতে হবে। সে কারণে তাঁরা ভালো মানের কিছু চামড়া কিনেছেন। তবে বেশি দামে কিছু চামড়া কেনার পর এখন ট্যানারি মালিকদের লক্ষ্য থাকবে কম দামে চামড়া কেনা, যেন লোকসান না হয়। আমাদের না পোষালে তো আর আমরা বেশি দামে চামড়া কিনব না।
প্রথম আলো: একটা অভিযোগ সব সময় পাওয়া যায় যে ট্যানারি মালিকেরা নিজেদের মুনাফা বাড়াতে অন্যদের শুধু ঠকাতেই চান। এ বিষয়ে আপনার বক্তব্য কী?
মোশাররফ হোসেন: ৩৫ বছরের বেশি সময় ধরে আমি এই পেশায় আছি। সব সময়ই এই অভিযোগটা শুনতে হয়। আমরা ট্যানারি মালিকেরা আড়তদারদের সংগঠনকে নিয়ে ঈদের আগে বসে চামড়ার দাম নির্ধারণ করেছি। তাঁদের আমরা বলেছি দাম আরও বাড়াব কি না। তাঁরা বলেছেন, এটাই ঠিক আছে। আন্তরিকতার সঙ্গে আমরা দাম কমাতে চাইনি, ভালো মূল্য দিতে চেয়েছি। চামড়ার ওপর গরির মানুষের হক আছে। আমরা তাদেরও ঠকাতে চাই না। আমরা চাই সবাই ন্যায্যমূল্য পাক।
প্রথম আলো: প্রতিবছরই কোরবানির পর চামড়া নিয়ে ট্যানারি মালিক ও আড়তদারেরা মুখোমুখি অবস্থানে থাকেন। কেন বারবার এমনটা হয়?
মোশাররফ হোসেন: বেশি দামে কোরবানির চামড়া বিক্রি হওয়ায় আড়তদারেরাও তা বেশি দামে কিনেছেন। ওই চামড়া প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করতে তাঁদের আরও কিছু খরচ হয়। সেটা ধরেই তাঁরা আমাদের কাছে চামড়া বিক্রি করেন। কিন্তু আমরা তো জানি কত টাকায় তাঁরা চামড়াটা কিনেছেন। তাঁরা যদি অতিরিক্ত দাম চান তাহলে আমরা সেই চামড়া কেন কিনব? সে কারণেই জটিলতা হয়। তখন আমাদের বাজার পর্যবেক্ষণ করতে হয়, চামড়া কেনার জন্য অপেক্ষা করতে হয়। কাউকেই যেন কেউ না ঠকায়—এই মানসিকতা নিয়ে সবাই মিলে কাজ করলে এই সমস্যা কেটে যাবে।

মোশাররফ হোসেন
মহাসচিব, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন

[সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত]