'না' দিয়েই হোক শুরু

বছর ষাটেক আগে এলান পেইজ নামে এগারো বছরের এক বালক বাড়ি বাড়ি ঘুরে স্পঞ্জ বিক্রি করত। প্রতি স্পঞ্জের দাম ছিল ২০ সেন্ট (এখনকার দামে প্রায় ১৫০ টাকা)। বিক্রিবাট্টা শুরু করার কিছুদিন পর সে নিজেই একটা ‘ল অফ অ্যাভারেজ’ বের করে ফেলল এবং ঘণ্টা দুয়েকের মধ্যে সে এক ডজন স্পঞ্জ বিক্রি করতে পারল।
তার ‘ল অফ অ্যাভারেজ’-এর রেশিওটা ছিল ১০:৭:৪:২। অর্থাৎ, প্রতি ১০ দরজায় টোকা দিলে ৭টি দরজা খুলত, এর মধ্যে ৪ জন তার বক্তব্য শুনতে চাইত আর কেবল ২ জন কিনত। এই ব্যাপারটা যখন সে বুঝে গেল, তখন ওই যে ৩টা দরজা খোলেনি, বা ৩ জন দরজা খুলেও তার বক্তব্য শুনতে চায়নি কিংবা ২ জন শুনেও কিনতে চায়নি—এসবকে সে একদমই পাত্তা দিত না। সে বুঝে গিয়েছিল, ১০ দরজায় টোকা দিলে গড়ে ২ জন কিনবেই আর তাতে মোট আয় হবে ৪০ সেন্ট। মানে দরজা খোলার পরে যা–ই হোক না কেন, একটা দরজায় টোকা দেওয়া মানেই কিন্তু গড়ে ৪ সেন্ট কামিয়ে ফেলা!
আসল ব্যাপারটা হলো, ‘না’ শুনেও তা মেনে নেওয়া আর এভাবে ‘রিজেকশন’ বা প্রত্যাখ্যান সামলাতে শেখা। ওপরের ‘ল অফ অ্যাভারেজ’ আপনি ব্যবহার করতে পারেন অনেক ক্ষেত্রেই; তা সেটা হোক বৃত্তির জন্য প্রফেসরকে মেইল দেওয়া, চাকরিতে আবেদন করা, কিংবা বিক্রির জন্য যোগাযোগ করা। তবে হ্যাঁ, একেক ক্ষেত্রে ‘ল অফ অ্যাভারেজ’-এর অনুপাত একেক রকম হবে।
‘না’ শুনতে পারার অভ্যাস বা প্রত্যাখ্যান সহ্য করার এই ক্ষমতা কিন্তু ধীরে ধীরে রপ্ত করার ব্যাপার। ‘না’ শুনে হজম করতে না পেরে কেউ বেপরোয়া, কেউ প্রতিহিংসাপরায়ণ, আবার কেউবা হতাশ হয়ে পড়ে। কিন্তু কেউ যদি এই ‘ল অফ অ্যাভারেজ’ জানে এবং এটা মেনে প্রত্যাখ্যান সামলাতে শিখে যায়, তাহলে তাকে সহজে বিচলিত করা যাবে না। ধৈর্য নিয়ে কার্যসিদ্ধি সে করে ছাড়বেই।
‘সেলসম্যান’ শুনলেই আমাদের অনেকের নাক কুঁচকে যায়, আর কিছু ‘সেল’ করতে গেলে অনেকের বুক ধড়ফড় শুরু হয়। অথচ ভেবে দেখুন, জীবনের কোনো না কোনো সময়ে আপনাকে এই ‘সেলসম্যানশিপ’ করতে হয়েছে। হোক সে আপনি ছোটবেলায় মায়ের কাছে কিছু চাইতে গিয়ে, বা প্রেমিকার মন জয় করতে কিংবা পদোন্নতির জন্য অনুরোধ করতে গিয়ে।
এখন ধরুন, এক সাধারণ বিক্রয়কর্মীর সাপ্তাহিক লক্ষ্যমাত্রা অন্তত ৫টি ‘ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট’ নিশ্চিত করা। আর এ জন্য তাঁকে সপ্তাহে গড়ে ২৫ জন সম্ভাবনাময় ‘ক্লায়েন্ট’কে যোগাযোগ করতে হবে। অর্থাৎ তাঁর ‘ক্লোজিং রেশিও’ ২০%। এখন তিনি যদি সপ্তাহের প্রথম দুই দিন ৮ জনকে ফোন করেই ৪টা সাক্ষাৎকার নিশ্চিত করে ফেলেন (৫০% ক্লোজিং রেশিও), তাহলে স্বাভাবিকভাবেই বাকি তিন দিনে ঢিলেমি চলে আসবে তাঁর। কারণ, সেই সপ্তাহে আর মাত্র একজনকে রাজি করালেই হবে।
কিন্তু যদি এমন হতো, তাঁর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে সপ্তাহে অন্তত ২০ জনের কাছ থেকে ‘না’ শুনতে হবে। তাহলে কী দাঁড়াবে ব্যাপারটা। সেই সপ্তাহে প্রথম দুই দিন ৪ জন রাজি হওয়ার সঙ্গে সঙ্গে মাত্র ৪ জনের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ায়, কোটা পূরণের জন্য আরও ১৬ জন থেকে ‘না’ শোনা বাকি থেকে যায়। এবার ভাবুন, সেই সপ্তাহের ৫০% ‘ক্লোজিং রেশিও’ বজায় রাখতে পারলে তিনি কয়টা সাক্ষাৎকার নিশ্চিত করে ফেলতে পারবেন?
‘তুমিও পারবে’ নামক চটকদার স্লোগানে গা ভাসানো বিপজ্জনক। এতে দ্রুত হতাশ হয়ে যাওয়ার প্রবণতা বরং বেড়ে যায়। বাস্তবতা হলো, আপনার না পারার সম্ভাবনাই বরং বেশি, এবং এই না পারাটাই বেশি স্বাভাবিক। এই ‘না’ পারার মধ্য দিয়েই লক্ষ্যে পৌঁছানো যাবে, যদি আপনি ক্লোজিং রেশিওর ওই ‘ল অফ অ্যাভারেজ’ অনুযায়ী কাজ করতে থাকেন।
‘না’ শোনার ভয় বা ব্যর্থ হওয়ার ভয় পেয়ে বসে অনেককে; বিশেষ করে যারা ছোটবেলা থেকে ভালো ছাত্র বা সহজেই সবকিছুতে সাফল্য পেয়ে আসে কিংবা যাদের চাওয়া সহজেই মেটানো হয়। ব্যর্থ হওয়ার ভয়ে তারা নিজের স্বস্তির জায়গা থেকে বের হতে পারে না সারা জীবন। সাহস নিয়ে নতুন কোনো উদ্যোগ নিতে পারে না। যেকোনো মূল্যে ব্যর্থতা থেকে দূরে থাকতে চায়, কোনো ঝুঁকিও নিতে চায় না। ‘না’ শুনতে চায় না বলে তারা নতুন উপায়ে চেষ্টাও করতে চায় না।
টমাস আলভা এডিসন বলতেন, তিনি আসলে ব্যর্থ হননি; ১০ হাজারটা উপায় কীভাবে কাজ করে না, সেটাই কেবল খুঁজে বের করেছেন। কলোনেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে শুরু করে ১ হাজার ৯ বার প্রত্যাখ্যাত হওয়ার পর কেএফসি শুরু করতে পেরেছিলেন। মাইকেল জর্ডান ক্যারিয়ারে ৯০০ শট মিস করেছেন আর ৩০০-র বেশি ম্যাচ হেরেছেন, এরপরই কিংবদন্তি হতে পেরেছেন। মার্টিন লুথার কিং, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা—এঁরা সবাই ভীষণভাবে প্রত্যাখ্যাত হতে হতে এরপর নিজেদের অধিকার আদায় করতে পেরেছেন।
এই ‘না’-এর আরেকটা দিকও আছে। দিনে কী কী কাজ করবেন না, সেটার তালিকা করুন ‘নট-টু ডু লিস্ট’ বানিয়ে। তাহলে বুঝে যাবেন কোন কোন কাজে প্রাধান্য দিতে হবে। তাই, ‘না’ শোনার লক্ষ্যমাত্রা ঠিক করুন। ‘না’ শুনতে চাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এই ছোট্ট ‘না’-ই পার্থক্য গড়ে দেয় সাধারণ আর অসাধারণের মধ্যে।