প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একের পর এক হরতালের কারণে পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ জন্য নির্দিষ্ট সময়ে তৈরি পোশাকভর্তি কনটেইনার জাহাজীকরণ সম্ভব হচ্ছে না। এ অবস্থায় অনেক উদ্যোক্তাই লিড টাইম মোকাবিলায় বা নির্ধারিত সময়সীমা ঠিক রাখতে অতিরিক্ত অর্থ ব্যয়ে আকাশপথে পণ্য পাঠাতে বাধ্য হচ্ছেন।এ ছাড়া কয়েকজন উদ্যোক্তা ইতিমধ্যেই স্টকলট পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আবার অনেক প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল ও স্থগিত পর্যন্ত হয়েছে। এতে করে সামগ্রিকভাবে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের ওপর বিরূপ প্রভাব পড়ছে। ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলাকালে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বিজিএমইএ ও বিকেএমইএ গতকাল এক যৌথ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানায়।