'পরিকল্পনামন্ত্রী উদ্বিগ্ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে প্রকল্প বাস্তবায়নের অবস্থা এতই খারাপ যে পরিকল্পনামন্ত্রী (আ হ ম মুস্তফা কামাল) নিজেই তা নিয়ে উদ্বিগ্ন।
সচিবালয়ে গতকাল রোববার সিলেট অঞ্চলের স্বাস্থ্য খাতের প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে প্রকল্প বাস্তবায়নের অবস্থা (পারফরম্যান্স) ভালো নয়। তবে শেষ দুই মাস ধরে ব্যাপক ব্যয় হচ্ছে।
অর্থমন্ত্রী মনে করেন, শেষ মুহূর্তে অর্থ ছাড় হলে প্রকল্পের জন্য অতটা মনোযোগ দেওয়া সম্ভব হয় না। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে পরিকল্পনামন্ত্রী বিশেষভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি উত্তরণে তিনি অনেক চেষ্টা-চরিত্তি করছেন।’
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়িত হয়েছে ৫০ শতাংশ, যা আগের ছয় অর্থবছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন।
প্রকল্প বাস্তবায়নে গতি আনতে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আগামী জুলাই থেকে তদারক করা হবে বলে জানান মুহিত।
অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক-অর্থনৈতিক সব দিক থেকেই ভালো গেছে এ বছরটা। এ কারণেই বোধ হয় প্রকল্প বাস্তবায়নে একটু শৈথিল্য এসে গিয়েছিল।