'পিসের বিরুদ্ধে আক্রমণ আসছে': অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘ইদানীং পিসের (শান্তি) বিরুদ্ধে আক্রমণ আসছে। সেটা মোকাবিলা করাই এখন প্রধান কাজ। এ বিষয়ে আমরা এখন কঠোর হচ্ছি। আজকের পত্রিকায় আপনারা সেটা দেখেছেন। কিছুদিন আগে গুলশানের ঘটনায়ও দেখেছেন।’
গতকাল বুধবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়ে এ কথা বলেন। আগারগাঁওয়ের পিকেএসএফ মিলনায়তনে ‘উন্নয়নে পিকেএসএফ’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া পিকেএসএফের মাধ্যমে ভিয়েতনাম থেকে বাংলাদেশে কাঁকড়া হ্যাচারি প্রযুক্তি স্থানান্তরের জন্য ভিয়েতনামের নাগরিক পাম থি হংকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, ক্ষুদ্রঋণের ক্ষেত্রে পিকেএসএফ এ দেশের নিজস্ব সৃষ্টি। এ সময় তিনি পিকেএসএফ সৃষ্টির ইতিহাস তুলে ধরে বলেন, ‘প্রথমে গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে তিন বছর পরিচালিত হয়। পরে আইন (অধ্যাদেশ) করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এটি সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান। যখন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়, তখন দেশের সব ব্যাংকার এর বিরোধিতা করেছিলেন। সে সময় তাঁরা বলেছিলেন, ইউনূস সাহেবকে (ড. মুহাম্মদ ইউনূস) আমরা তো ঋণ দিচ্ছি। প্রয়োজনে আরও ঋণ দেব, যাতে তিনি (ড. মুহাম্মদ ইউনূস) আরও প্রকল্প পরিচালনা করতে পারেন। কিন্তু সরকার অর্থ দিয়ে গ্রামীণ ব্যাংক তৈরি করেছে।’
অর্থমন্ত্রী আরও বলেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় বিশ্বব্যাংকের কোনো অবদান নেই। বিদেশি দাতা সংস্থা হিসেবে গ্রামীণ ব্যাংককে প্রথম ঋণ দেয় ইফাদ। পরে গ্রামীণ ব্যাংকের মতো আরেকটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান তৈরি করতে বিশ্বব্যাংকের সঙ্গে পাঁচ-সাত বছর আলোচনা চলে। কিন্তু আলোচনা ব্যর্থ হয়। এরপর সরকারি অর্থায়নে পিকেএসএফ সৃষ্টি হয়।
অর্থমন্ত্রীর মতে, বাংলাদেশে এখন অগ্রগতির যে গতিশীলতা তৈরি হয়েছে, তাতে আর পিছিয়ে পড়ার সুযোগ নেই।
ওই অনুষ্ঠানে কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, পিকেএসএফ এখন ক্ষুদ্রঋণ থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা তৈরির দিকে বেশি মনোযোগী হচ্ছে। উদ্যোক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি বিষয়ে জ্ঞান দেওয়া হচ্ছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান বলেন, ক্ষুদ্রঋণে সুদের হার ২৫ শতাংশ হয়। অন্যদিকে ব্যাংকে উদ্ধৃত তারল্য আছে। ক্ষুদ্রঋণ প্রসারে এ দুটির মধ্যে সমন্বয় করার চেষ্টা হচ্ছে। তিনি মনে করেন, দেশে এখন যে পরিমাণ ক্ষুদ্রঋণের চাহিদা আছে, এর মাত্র ৪৫ শতাংশের মতো দেওয়া সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম। অনুষ্ঠানে ক্ষুদ্রঋণবিষয়ক ‘ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: সাম ইস্যুজ অ্যান্ড প্রসপেক্টটিভস’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পাদনা করেছেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।
এর আগে সকালে পিকেএসএফের সহযোগী প্রতিষ্ঠানের সভাপতি ও নির্বাহী পরিচালকদের মধ্যে যাঁরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছেন, তাঁদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ১৮টি সহযোগী প্রতিষ্ঠানের ২২ জনকে এ সম্মাননা হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া।