‘পুঁজিবাজার নিয়ে আমরা সবাই সিরিয়াস’
দেশের শেয়ারবাজারে গতিশীলতা আনার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে চান সংশ্লিষ্ট মহল। তাই বাজার নিয়ে নতুন করে কোনো প্রত্যাশা সৃষ্টি করতে চান না তাঁরা। বরং তাঁরা সমস্যা চিহ্নিত করে তা সমাধানে একসঙ্গে কাজ করবেন। একই সঙ্গে এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে।আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কার্যালয়ে পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।আকরাম উদ্দিন আহমেদ বলেন, ‘বাজার কীভাবে সঠিক জায়গায় আসতে পারে, কীভাবে বাজারে গতিশীলতা আনা যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আজ বৈঠক হয়েছে। এতে বাজার নিয়ে বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সমাধানে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।’ তিনি আরও বলেন, ‘বাজার ভালো করার জন্য আমরা বৈঠক করছি। পুঁজিবাজার নিয়ে আমরা সবাই সিরিয়াস। অল্পদিনের মধ্যে বাজার ভালো অবস্থানে আসবে।’আকরাম উদ্দিন আহমেদ বলেন, ‘এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে আমার একটি কর্তব্য রয়েছে। বাজার যাতে সঠিক জায়গায় যায়, সেই চেষ্টা করা হচ্ছে।’এ সময় ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, ‘আমরা কিছু সমস্যা চিহ্নিত করেছি। সমস্যা সমাধানে চেষ্টা করছি। সবাই সবার জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে বাজারে ইতিবাচক ফল আসবে। তবে আমরা কোনো প্রত্যাশা সৃষ্টি করতে চাই না।’বৈঠকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি তপন চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সভাপতি নুরুল আমিন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির পক্ষ থেকে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান উপস্থিত ছিলেন।এ ছাড়া বাজারের সার্বিক বিষয় পর্যালোচনার লক্ষ্যে এফবিসিসিআইয়ের সভাপতিকে প্রধান করে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রধানদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলে এ সময় জানানো হয়।