'পুঁজিবাজার নিয়ে ফেসবুকে গুজব ছড়ালে ব্যবস্থা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার নিয়ে ফেসবুক বা অন্য যেকোনো উপায়ে গুজব ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বিএসইসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান আজ বুধবার প্রথম আলো ডটকমকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে ফেসবুক ও খুদেবার্তার মাধ্যমে শেয়ারবাজার নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে। অনেকে এসব গুজবে কান দিয়ে ক্ষতিগ্রস্তও হয়েছেন। তাই এ বিষয়ে সতর্ক থাকার জন্য বিনিয়োগকারীদের অনুরোধ জানাচ্ছি।’

বিএসইসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মহল ফেসবুক, খুদেবার্তাসহ বিভিন্নভাবে শেয়ারবাজার নিয়ে গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে আসছে। দেশের পুঁজিবাজারে এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি বিদ্যমান সিকিউরিটিজ আইনের পরিপন্থী।

এতে আরও বলা হয়, এ ধরনের গুজব ছড়ানো হলে বাজারের ভারসাম্য নষ্ট হয়। তাই এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে বিএসইসি। অন্যথায় তাদের বিরুদ্ধে সিকিউরিটিজ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিনিয়োগকারীদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেসবুক, খুদেবার্তা বা অন্য যেকোনো অসমর্থিত গুজবের ভিত্তিতে বিনিয়োগ করলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই কোনো ধরনের গুজবের ওপর নির্ভর না করে, কোম্পানির মৌল ভিত্তি পর্যালোচনা করে বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।

দুই স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।