‘পুঁজিবাজার বিনিয়োগের ক্ষেত্র, ব্যবসার নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার বিনিয়োগের একটি ক্ষেত্র, এটি ব্যবসার জায়গা নয়। কেউ এটাকে ব্যবসার জায়গা মনে করলে ভুল করবেন। এখানে আসতে হলে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের মানসিকতা নিয়ে আসতে হবে। ডে-ট্রেডিং বা প্রতিদিনের ব্যবসার জায়গা মনে করে পুঁজিবাজারে কারও আসা ঠিক হবে না। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন আহমেদ প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।হেমায়েত উদ্দিন বলেন, বিনিয়োগের মাধ্যমে ‘ক্যাপিটাল গেইন’ কথাটার মানেই হলো দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে মুনাফা অর্জন। স্বল্পমেয়াদি বিনিয়োগ নয়। তাই যাঁরা স্বল্পমেয়াদি বিনিয়োগের মানসিকতা নিয়ে পুঁজিবাজারে আসবেন, তাঁদের জন্য ঝুঁকিও বেশি থাকবে। আর দীর্ঘমেয়াদি মানসিকতা নিয়ে আসলে তাঁর ঝুঁকি অনেক কম থাকবে। বছর শেষে সংশ্লিষ্ট কোম্পানি লভ্যাংশ, বোনাস প্রদান করলে দেখা যাবে স্বাভাবিকভাবেই ওই ব্যক্তি লাভবান হচ্ছেন। তিনি বলেন, ২০০৯ সালের শুরু থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বাজার যখন হু হু করে বাড়ছিল তখন অনেক স্বল্পমেয়াদি বিনিয়োগকারী বাজারে প্রবেশ করেন। এ সময় তাঁরা হঠাত্ বড় লোক হওয়ার আশায় বাজারে আসেন। এর ফল ভালো হয়নি। শেষ পর্যন্ত বড় ধরনের বিপর্যয় নেমে আসে বাজারে। তিনি বলেন, একজন বিনিয়োগকারীকে প্রথমেই ঠিক করতে হবে তিনি কোথায় বিনিয়োগ করছেন? সংশ্লিষ্ট কোম্পানির অবস্থা জেনে, ওই কোম্পানির বিগত বছরের কর্মকাণ্ড কেমন? এসব বিষয় বিবেচনা করে বিনিয়োগ করতে হবে। সূচক বা সংশ্লিষ্ট কোম্পানির দাম দেখে বিনিয়োগে যাওয়া যাবে না। কারণ, তিনি তো কোম্পানিতে বিনিয়োগ করছেন। তাই তাঁকে কোম্পানির অবস্থা জানতে হবে।বাজারের বর্তমান অবস্থা সম্পর্কে ডিএসইর সাবেক এই চেয়ারম্যান মনে করেন, এ মুহূর্তে আশঙ্কার কিছু নেই। তিনি বলেন, বাজার যে খুব বেশি ‘বুলিশ’ হবে বা খুব বেশি ‘বিয়ারিশ’ হবে তা নয়। বরং বাজার তার নিজস্ব গতিতে চলতে থাকবে। কখনো কমবে আবার কখনো বাড়বে। এবং এভাবেই বাজার একটা অবস্থানে দাঁড়াবে।প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সম্পর্কে হেমায়েত উদ্দিন বলেন, বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ব্যক্তি বিনিয়োগকারীদের মতো আচরণ করছেন। তাঁদেরকে এ অবস্থান থেকে ফিরে আসতে হবে। বাজারের অবস্থা বুঝে তাঁদেরও সেই অনুযায়ী আচরণ করতে হবে। অন্যথায় তার বিরূপ প্রভাব পড়বে বাজারে।