'পেয়ে গেছি অথবা পেয়ে যাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজার্ভের অর্থ চুরি
রিজার্ভের অর্থ চুরি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ১ কোটি ৫০ লাখ ডলার দু-এক দিনের মধ্যেই ফেরত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘১ কোটি ৫০ লাখ ডলার সম্ভবত আমরা পেয়ে গেছি অথবা আগামী দু-এক দিনের মধ্যে পেয়ে যাব। তবে এটা নিশ্চিত বলা যায়, চুরি যাওয়া অর্থের একটা অংশ আমরা পাচ্ছি।’
চুরি যাওয়া রিজার্ভের অর্থ যেসব দেশে গেছে, ওই দেশগুলো যদি তা উদ্ধার করতে পারে, তাহলে বাকি অর্থও ফেরত পাওয়া যাবে বলে নিজের বিশ্বাসের কথা জানান মুহিত।
চুরি যাওয়া অর্থের মধ্যে কত টাকা ব্যাংকিং চ্যানেলে আছে? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে এ মুহূর্তে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া যে অর্থ উদ্ধার করা হয়েছে, তা বাংলাদেশকে ফেরত দিতে গত সোমবার ফিলিপাইনের একটি আদালত নির্দেশ দিয়েছেন। ওই অর্থ এখন ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে রয়েছে।
গত ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। ফিলিপাইনের ইনকোয়ারার পত্রিকা এ ঘটনা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বের অন্যতম সাইবার চুরি হিসেবে পরিচিত এ ঘটনা। ঘটনার জের ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন আতিউর রহমান। সরিয়ে দেওয়া হয় দুই ডেপুটি গভর্নরকে।
ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গত ১৫ মার্চ তিন সদস্যের কমিটি গঠন করে সরকার। তদন্ত কমিটি গত ৩০ মে অর্থমন্ত্রীর কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন হস্তান্তর করে। কাল বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করবেন অর্থমন্ত্রী। প্রতিবেদনটি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ঘটনাটি নিয়ে তদন্ত করছে। তদন্ত করছে বাংলাদেশের পুলিশ বিভাগ এবং অন্য সংস্থাগুলোও। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং দেশটির অন্যান্য আর্থিক নিয়ন্ত্রক সংস্থা গত জুন মাসে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোকে জাল অর্থ লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে বলেছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিকে উদাহরণ হিসেবে দেখতে বলা হয়েছে।