'পোশাকশিল্প মালিকেরা কথা রাখেননি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের বিষয়ে পোশাকশিল্প মালিকেরা বরাবরের মতো এবারও কথা রাখেননি। সরকারও নির্বিকার। শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটি ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। এমন অবস্থায় পোশাকশ্রমিকেরা এবারও ঈদের আগে প্রতারণা ও বঞ্চনার শিকার হতে পারেন।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক জলি তালুকদার গতকাল মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে এমনটাই জানিয়েছেন। তাঁরা অবিলম্বে সব পোশাক কারখানার শ্রমিকের বেতন-ভাতা পরিশোধের দাবি করেন।

এদিকে ২০ রমজানের মধ্যে পোশাকশ্রমিকেরা ঈদ বোনাস পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিল পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। গত শুক্রবার এই সময়সীমা পার হলেও এখনো অনেক কারখানার মালিক শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেননি।

টিইউসির শ্রমিকনেতারা বিবৃতিতে বলেন, শ্রমিকেরা ২০ রমজানের মধ্যে মূল বেতনের সমপরিমাণ অর্থ ঈদ বোনাস, মজুরি, ওভারটাইম দাবি করেছিলেন। কিন্তু বোনাস হিসেবে মূল বেতনের সমপরিমাণ অর্থ পরিশোধের দাবিটি এবারও উপেক্ষিত হয়েছে। যেসব কারখানা বোনাস দিয়েছে তার বেশির ভাগই দান-খয়রাতের মতো অল্প কিছু টাকা শ্রমিকদের হাতে ধরিয়ে দিয়েছে।

বোনাস পরিশোধের বিষয়ে গত সোমবার প্রথম আলোকে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, ‘যে কারখানা যেদিন ছুটি দেবে সেদিন শ্রমিকের পাওনা বুঝিয়ে দেবে।’ গতকাল এই বক্তব্য প্রথম আলোর একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। সভাপতির এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে টিইউসির নেতারা বলেছেন, মালিকদের ওয়াদা জগতের সবচেয়ে নড়বড়ে ব্যাপার। তাঁরা যখন-তখন ওয়াদা ভঙ্গ করেন। ছুটির দিন বেতন-ভাতা পেলে শ্রমিকেরা যথাযথভাবে ঈদ প্রস্তুতি নিতে পারবেন না। তবে বড় সমস্যা হচ্ছে, মালিকপক্ষের এমন ঘোষণা শ্রমিকদের পাওনা বঞ্চিত করে ঈদের ছুটিতে পাঠানোর একটি কৌশল ছাড়া কিছু না।