'প্যাকেজ মূসক' অরাজকতা তৈরি করবে : ব্যবসায়ী ঐক্য ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যেভাবে প্যাকেজ মূল্য সংযোজন কর (মূসক) ব্যবস্থা রাখা হয়েছে, তা অরাজকতা তৈরি করবে বলে মনে করে ব্যবসায়ী ঐক্য ফোরাম। সংগঠনটি চারটি দাবি তুলে ধরে তা পূরণের জন্য সরকারকে ২০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন ব্যবসায়ী ঐক্য ফোরামের নেতারা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে ফোরাম।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. আবদুস সালাম, সাধারণ সম্পাদক আবু মোতালেবসহ বিভিন্ন পণ্য ও এলাকাভিত্তিক ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বাজেট পেশ করেন। এতে প্যাকেজ মূসকের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়। বছরে ৮০ লাখ টাকা লেনদেন পর্যন্ত প্যাকেজ মূসক সুবিধা পাবেন ব্যবসায়ীরা। ফোরামের দাবি, মূসকের আওতায় আসা ব্যবসায়ীদের লেনদেন ৮০ লাখ টাকার বেশি। তাঁরা এ সীমা দেড় কোটি টাকায় উন্নীত করার দাবি জানিয়েছেন।