'প্রকৃতির ক্ষতি করে এমন খাতে অর্থায়ন নয়'
প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কোনো খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অর্থায়ন না করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে গতকাল মঙ্গলবার সকালে গ্রিন ব্যাংকার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান এ পরামর্শ দেন৷ খবর বাসসের৷
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) বাংলাদেশের আবাসিক ব্যবস্থাপক কাইল কেলহুফার, ঢাকা বিশবিদ্যালয়ের জ্বালািন ইনস্টিটিউটের অধ্যাপক সাইফুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ব্যাংকের অর্থায়নের মাধ্যমে যেন গাছ কাটা, পুকুর, নদী ও খাল ভরাট না হয়, সেদিকে লক্ষ রাখার পরামর্শ দিয়ে বলা হয়, পরিবেশবান্ধব ব্যবসা, প্রযুক্তি ও পণ্যে অর্থায়নের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এখন পরিবেশবান্ধব খাতে বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোকে খাতভিত্তিক আলাদা আলাদা নিজস্ব ঋণ নীতিমালা তৈরি করতে হবে৷