'প্রণোদনার অর্থ আকাশ থেকে পড়ে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া হবে। তবে, তা দেওয়ার আগে এতে জনগণের কী লাভ হবে—সেটিই বিবেচনা করা হবে আগে। সচিবালয়ে গতকাল বুধবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এ কথা বলেছেন।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রণোদনার অর্থ আকাশ থেকে পড়ে না, কাউকে না কাউকে এ অর্থের জোগান দিতে হয়।’
সতর্কতার সঙ্গে প্রণোদনা দেওয়ার কথা জানান অর্থ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রণোদনা দিলে আশু, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কী ফল পাওয়া যাবে, তা বিবেচনায় নেওয়া হবে। সবচেয়ে বড় বিষয় হলো জনকল্যাণ। সেটা হচ্ছে কি না দেখতে হবে।’
প্রণোদনার পাশাপাশি ভর্তুকি ও কর অবকাশসুবিধা স্বীকৃত বিষয় হলেও এগুলো সাবধানে ব্যবহারের কথা জানান এম এ মান্নান।
এ ছাড়া রাজস্ব আদায় ফরমের জটিলতা নিরসন করা হচ্ছে জানিয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে মূল্য সংযোজন করের (মূসক) আওতা বৃদ্ধি করা হবে।’
আলোচনায় আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খান, প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, পরিচালক লুৎফুন্নেছা সৌদিয়া খান, সৈয়দ মোস্তাফিজুর রহমান, আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আইবিএফবির পক্ষ থেকে গত বছরের রাজনৈতিক অস্থিরতা ও ধ্বংসাত্মক কার্যকলাপের কারণে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে এক বছরের ব্যাংকঋণের সুদ মওকুফ, ব্যাংকঋণের সুদের হার ১০ শতাংশে নামিয়ে আনা, কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদান, নতুন উদ্যোক্তাদের জন্য কর অবকাশসুবিধাসহ ১৩ দফা প্রস্তাব করা হয়।