নিজ দেশের ক্রেতাদের প্রতি জার্মানির প্রতিমন্ত্রী
'প্রতি জোড়া জিনস পোশাকে এক ইউরো করে বাড়তি দিন'

বাংলাদেশি প্রতি জোড়া জিনসের পোশাক বর্তমানের চেয়ে অন্তত এক ইউরো করে বাড়তি দাম দিয়ে কিনতে জার্মানির ক্রেতাদের প্রতি আহ্বান জানাবেন দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী হান্স-জোয়চিম ফুকটেল।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশের বস্ত্র খাতের উন্নয়ন বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে এক সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) শেষে জার্মানির প্রতিমন্ত্রী এমন প্রতিশ্রুতি দেন।
বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, শ্রমসচিব মিকাইল শিপার এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
শুধু কারখানার পরিবেশ উন্নয়ন নিয়ে কথা বলে জার্মানি, বাংলাদেশি পোশাকের দাম নিয়ে একদমই কথা বলে না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জার্মানির প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে ফিরে গিয়ে জার্মানির ক্রেতাদের আহ্বান জানাব, তাঁরা যাতে প্রতি জোড়া জিনসের পোশাকে অন্তত এক ইউরো করে বাড়তি দাম দেন।’
বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের বস্ত্র খাতের উন্নয়নে জার্মানির পক্ষ থেকে পাঁচ কোটি ইউরো (৪৭৭ কোটি ৫০ লাখ টাকা) সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির মন্ত্রী। তিনি বলেন, বস্ত্র খাতের উন্নয়নে দেশটির সঙ্গে এমওইউ করা হয়েছে। ফলে জার্মানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়বে।
বর্তমানে বাংলাদেশি তৈরি পোশাকের (একক দেশ হিসেবে) দ্বিতীয় রপ্তানিবাজার জার্মানি—এ কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আশা করেন, ভবিষ্যতে দেশটি হবে বাংলাদেশি পোশাকের প্রথম রপ্তানি গন্তব্যস্থল। বাংলাদেশি পোশাকের গন্তব্যস্থল হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্র হচ্ছে প্রথম। বাংলাদেশি ১০ কমপ্লায়েন্ট কারখানা থেকে জার্মানি পোশাক কেনার ঘোষণা দিয়েছেন বলেও জানান তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশি পোশাকশিল্পের পক্ষে প্রচারণা চালাতে নিজ দেশে একটি ওয়েবসাইট খুলবে জার্মানি। এতে পোশাকের মানসহ পোশাক খাতের সার্বিক উন্নয়নচিত্র তুলে ধরা হবে।
প্রতি জোড়া জিনসের পোশাকে এক ইউরো করে বাড়তি দামের বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এটি খুবই আশাপ্রদ বক্তব্য। জার্মানির মন্ত্রীর এই আহ্বান জার্মানির ক্রেতারা অনুসরণ করলে সত্যিই একটি বিরল উদাহরণ তৈরি হবে।