'প্রবৃদ্ধির বাজেট' পেশ করলেন অরুণ জেটলি

ঋণের পরিমাণ কমানো ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ভারতের ২০১৪-১৫ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। পাশাপাশি পণ্য ও সেবা খাতে কর আরোপেরও পরিকল্পনা করা হচ্ছে। এবারের বাজেটকে বলা হচ্ছে ‘প্রবৃদ্ধির জন্য বাজেট’।
আজ বৃহস্পতিবার ভারতের লোকসভায় নরেন্দ্র মোদি সরকারের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এটি অর্থমন্ত্রী হিসেবে তাঁর নিজেরও প্রথম বাজেট। বাজেট বক্তৃতায় মন্ত্রী বলেন, দুই বছরের বেশি সময় অর্থনীতির ধীরগতির কারণে ভারতের মানুষ ‘অতিষ্ঠ’।
বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের অর্থনীতিতে ধীরগতি লক্ষ করা যায়। ২০১০-১১ অর্থবছরে যেখানে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৪ শতাংশ, সেখানে ২০১৩-১৪ অর্থবছরে তা দাঁড়িয়েছে ৪ দশমিক ৭ শতাংশে।
মোদি সরকর নতুন করে চাকরির সুযোগ সৃষ্টি করতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে আগামী অর্থবছরের বাজেটে। এ ছাড়া বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনার ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার কথা ব্যক্ত করা হয়েছে।
অরুণ জেটলি লোকসভায় জানান, তিন থেকে চার বছরের মধ্যে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের প্রবৃদ্ধি হবে ৭ থেকে ৮ শতাংশ হারে। তিনি প্রতিরক্ষা ও বিমা খাতে বিদেশি বিনিয়োগ ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ অর্থাত্ প্রায় দ্বিগুণ করার ঘোষণা দেন।
বাজেটে আগামী অর্থবছরে রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ৪ দশমিক ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২০১৫-১৬ অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ৩ দশমিক ৬ শতাংশ এবং ২০১৬-১৭ অর্থবছরে ৩ শতাংশ নির্ধারণের ঘোষণা দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী। অরুণ জেটলি বলেন, ‘আমরা ভবিষ্যত্ প্রজন্মকে ঋণের বোঝার মধ্যে ফেলে রাখতে পারি না।’ চলতি অর্থবছরে পণ্য ও সেবা কর (জিএসটি) আরোপের পরিকল্পনার কথাও লোকসভায় জানান তিনি। এ ছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের শেয়ার ছাড়ার পরিকল্পনার কথাও বলেন।
মোদি সরকারের প্রথম বাজেটকে ‘শুভ সূচনা’ হিসেবে উল্লেখ করেছেন ইয়েস ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ শুভাদা রাও। তিনি বলেন, বাজেটে বিমা ও প্রতিরক্ষা খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বারোপ উল্লেখযোগ্য।