‘প্রস্তাবিত বাজেটে মার্চেন্ট ব্যাংকের কর কমানো হয়নি’
২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোনোভাবেই মার্চেন্ট ব্যাংকের কর কমানো হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতারা। আজ রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ দাবি করা হয়। তবে সার্বিকভাবে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানান তাঁরা।এতে লিখিত বক্তব্য দেন বিএমবিএর সভাপতি মুহাম্মদ এ হাফিজ। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি তানজিল চৌধুরী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান।লিখিত বক্তব্যে মুহাম্মদ এ হাফিজ বলেন, ‘কোম্পানি শ্রেণীর করদাতাদের আয়করের হার ২০১১-১২ অর্থবছরের ন্যায় বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। তবে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান হিসেবে মার্চেন্ট ব্যাংকের ২০১১-১২ অর্থবছরের আর্থিক অবস্থা বিবেচনা করে শুধু ২০১২-১৩ করবছরের জন্য আয়করের হার হ্রাস করে ৪২.৫ শতাংশের স্থলে ৩৭.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।’মুহাম্মদ এ হাফিজ আরও বলেন, মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন অনুযায়ী মার্চেন্ট ব্যাংকগুলো কোনো আর্থিক প্রতিষ্ঠান নয়। আর তাই সাধারণ কোম্পানি হিসেবে বিগত বছরগুলোতে ৩৭.৫ শতাংশ হারে কর দিয়ে আসছে। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় মার্চেন্ট ব্যাংকের আয়করের হার ৪২.৫ শতাংশ থেকে কমিয়ে ৩৭.৫ শতাংশ করা কথা বলেছেন, যার ফলে মার্চেন্ট ব্যাংকগুলোকে বিগত অর্থবছরগুলোর জন্য ৫ শতাংশ হারে অতিরিক্ত কর দিতে হবে। এটি বর্তমান বাজার পরিস্থিতিতে মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য সুবিধার চেয়ে অসুবিধার কারণ হবে।’মার্চেন্ট ব্যাংকগুলো যেহেতু বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিবন্ধিত কোনো আর্থিক প্রতিষ্ঠান নয়, সেহেতু মার্চেন্ট ব্যাংকগুলোর করের হার আগের ন্যায় ৩৭.৫ শতাংশ নির্ধারণ করার ব্যাপারে পুনর্বিবেচনার আহ্বান জানান এ হাফিজ।তানজিল চৌধুরী বলেন, ‘মার্চেন্ট ব্যাংকগুলোকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হলে, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের নিবন্ধন দেওয়া হোক। যাতে আমরা আমানত সংগ্রহ করতে পারি, ঋণ বিতরণ করতে পারি এবং বাংলাদেশ ব্যাংক থেকে রেপোর মাধ্যমে অর্থও আনতে পারি। এ সুবিধা দেওয়া হলে ৪২.৫ শতাংশ হারে কর দিতে আমাদের কোনো অসুবিধা নেই।’