২০ মার্চ অনুষ্ঠেয় বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতি বিজিএমইএর নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়েছে অন্যতম প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ফোরাম।একই সঙ্গে ফোরাম এই প্রহসনের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা করেছে। তবে ফোরামের নেতারা বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন তাঁরা চান এবং ভোটার তালিকা প্রকাশের পর এক সপ্তাহ সময় দিয়ে তাঁরা নির্বাচন করতে রাজি। রাজধানীর লা ভিঞ্চি হোটেলে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে গতকাল বুধবার ফোরামের নেতারা এই ঘোষণা দেন। এ সময় আসন্ন নির্বাচনে ফোরামের প্রার্থীদের দলনেতা ও বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, ফোরামের নেতা মাহমুদুর রহমান মান্না, বেনজির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। আকস্মিকভাবে গতকাল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ফোরাম।সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পারভেজ বলেন, ‘আজ (গতকাল ১৬ মার্চ) পর্যন্ত যাচাই-বাছাই করে ভোটার তালিকা তৈরি হয়নি। ভোটার তালিকা ছাড়া কীভাবে নির্বাচন হতে পারে?’ বিজিএমইএর নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি আরও বলেন, ‘তালিকা দেন, তারপর সাত দিনের সময় দেন। আমরা নির্বাচন চাই, প্রহসন নয়।’আরেক প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা আশা করি ২০ এপ্রিলের আগেই সবার শুভবুদ্ধির বোধোদয় হবে। আমরা নেতিবাচকভাবে নির্বাচনে যাব না এমন বলতে চাই না। আর যদি বলেন, প্রহসনের নির্বাচনে যাব কি না, জবাব হচ্ছে, যাওয়ার প্রশ্নই উঠে না।’সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। ১৯ এপ্রিল নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী দুই পক্ষকে ডেকে নিয়ে গিয়ে বলে ২৫ থেকে ৪০ ভাগ ভোটারের ফাইলে ত্রুটি রয়েছে। যদিও এর অনেক আগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু ফোরাম তা মেনে নেয়। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি হয় যে ভোটারদের পুরো নথিপত্র যাচাই-বাছাই করে তবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।ফোরাম বলেছে, এই নথিপত্র বাছাই নিয়েও নির্বাচন কমিশন গড়িমসি করেছে, একঘেয়েমি করেছে। পরে দেরিতে সেগুলো শেষ হয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, ৫ থেকে ১০ মার্চ প্রাথমিক যাচাই-বাছাই শেষ হয়েছে। ৭১১টি ফাইলে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এগুলোকে অসম্পূর্ণ ঘোষণা করা হয়। এগুলোর সমর্থনে কাগজ চেয়ে সময় দিয়ে চিঠি দেওয়া হয়। যদিও এখনো সব প্রতিষ্ঠান এই চিঠি পায়নি। যারা পেয়েছে তারাও সময়ের অভাবে সেই কাগজপত্র সংগ্রহ করে জমাও দিতে পারছে না। আবার নির্বাচন বোর্ড মোট ৩৭টি ফাইলকে নিখোঁজ হিসেবে ঘোষণা দিয়েছে। এগুলোর কী হবে, কেউ জানে না।ফোরাম বলেছে, আজ বৃহস্পতিবার থেকে ১৯ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটি। ফলে এর মধ্যে কারোর পক্ষে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী চিঠি পেলেও কাগজপত্র জমা দেওয়া সম্ভব হবে না। আবার এসব কাগজ পেলেও নির্বাচন কমিশন কোনো কাগজ সঠিক কি না, তা যাচাই করতে পারবে না। প্রাথমিক যাচাই-বাছাইয়ে অনেক ভুয়া কাগজপত্র পাওয়া গেছে।ফোরাম বলেছে, এই অবস্থায় যাতে কোনো ভোটার সময়ের অভাবে ভোট দেওয়া থেকে বঞ্চিত না হন বা কোনো ভুয়া ভোটার যাতে ভোট দিতে না পারেন এবং যাতে একটি গ্রহণযোগ্য সঠিক ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন হতে পারে, সে জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে সময় চাওয়ার বিষয়ে যৌথ সভায় একমত পোষণ করা হয়। গত মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান বৈঠক ডাকেন।ফোরাম বলেছে, গতকাল পর্যন্ত ৭৪৮টি অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ ও খোয়া যাওয়া ফাইলগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে তাদের জানা নেই। এখন পর্যন্ত সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। একটি ভোটার তালিকা ছাড়া কীভাবে নির্বাচন হতে পারে।সংবাদ সম্মেলনে পারভেজ অভিযোগ করে বলেন, ‘আমরা এই বিষয়টি মাননীয় মন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছি। তিনি সম্মিলিত পরিষদের একগুঁয়ে মনোভাবের জন্য ২০ মার্চ নির্বাচনের সময় বহাল রাখেন। আমরা মনে করি, ২০ মার্চ নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না।’ফোরামের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বলেছেন, বিজিএমইএ যেভাবে এই নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে তা যেকোনো গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। পারভেজ বলেন, ‘আমরা বিজিএমইএ নির্বাচনে এই অসংগতিকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনতে চাই। তিনি যেন এই ব্যাপারে সুদৃষ্টি দেন এবং সবার কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।’