‘প্রাইভেট প্লেসমেন্ট নীতিমালা’-সংক্রান্ত গেজেট প্রকাশ
‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (প্রাইভেট প্লেসমেন্ট অব ডেট সিকিউরিটিজ) রুলস, ২০১২’-এর গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওয়েবসাইটে গেজেটটি প্রকাশ করা হয়েছে।বিএসইসি সূত্র জানায়, নতুন সিকিউরিটিজ শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার বা ইউনিট বিক্রি করে অর্থ উত্তোলন করে থাকে। এ ক্ষেত্রে কেউ যাতে অনিয়মের আশ্রয় নিতে না পারে, সে লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির সিদ্ধান্ত নেয় বিএসইসি। গত বছরের ১২ সেপ্টেম্বর বিএসইসির নিয়মিত কমিশন সভায় ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (প্রাইভেট প্লেসমেন্ট অব ডেট সিকিউরিটিজ) রুলস, ২০১২’ কিছু পরিবর্তন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। জনমত যাচাই শেষে ১০ অক্টোবর বিএসইসির ৪৪৮তম কমিশন সভায় আইনটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়, যা পরে নির্দেশনা আকারে জারি করে বিএসইসি।নতুন এই নীতিমালায় যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, তা হলো: ডেট সিকিউরিটিজ ইস্যুর ক্ষেত্রে ইস্যুয়ারের ডেট বা ঋণ (প্রস্তাবিত ইস্যুসহ) তার মোট দৃশ্যমান (টেনজিবল) সম্পদের ৬০ শতাংশের বেশি হতে পারবে না; ইস্যুয়ার কোম্পানিকে মুনাফা অর্জনের ক্ষেত্রে সুনামের অধিকারী হতে হবে; ইস্যুকৃত সিকিউরিটিজ একটি ক্রেডিট রেটিং কোম্পানির মাধ্যমে মূল্যায়ন করতে হবে; ইস্যুয়ারের আর্থিক বিবরণী বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (বিএএস) অনুযায়ী হতে হবে এবং এটা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অব অডিটিং (বিএসএ) অনুযায়ী নিরীক্ষিত হতে হবে।