'প্রিমা ডোনা-অ্যান ইনফিনিট জার্নি' বইয়ের উন্মোচন

দেশের সবচেয়ে প্রগতিশীল ও সমসাময়িক ভিজ্যুয়াল আর্টিস্ট নাজিয়া আন্দালিব প্রিমার সংকলন ‘প্রিমা ডোনা-অ্যান ইনফিনিট জার্নি’। বইটি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পৃষ্ঠপোষকতায় উন্মোচিত হয় গত ২১ ডিসেম্বর, দ্য ওয়েস্টিন ঢাকার গ্র্যান্ড বলরুমে।
উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক শিল্পপ্রেমী ও শিল্প উৎসাহী ব্যক্তি। যাঁদের মধ্যে ছিলেন বইটির অনুক্রমণীর রচয়িতা ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। ছিলেন বিশিষ্ট শিল্পী কনক চাঁপা চাকমা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আনিস এ খান, বিখ্যাত স্থপতি মোস্তফা খালিদ পলাশ, কসমস বুকসের পরিচালক নাহার খান ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম।
বইটি সম্পর্কে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ডিরেক্টর, উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের প্রতিষ্ঠাতা নাজিয়া আন্দালিব প্রিমা বলেন, ‘বইটি আমার সৃজনশীল যাত্রায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বইটি প্রকাশের মাধ্যমে আমি দেশের সৃজনশীল প্রজন্মকে আরও বেশি সচেতন হওয়ার অনুপ্রেরণা দিতে চেয়েছি। এবং শিল্পের প্রতি অদম্য আগ্রহকে উৎসাহিত করতে শিল্পসচেতন পরবর্তী প্রজন্মকে বইটি উৎসর্গ করেছি।’
‘প্রিমা ডোনা-অ্যান ইনফিনিট জার্নি’ বইটি পাঁচটি অধ্যায়ে বিভক্ত—সংঘাত, বিস্ময়, সাহস, দৃষ্টি ও সংযোগ। বইটি কসমস বুকস দ্বারা প্রকাশিত ও প্রযোজিত। বইটি নাজিয়া আন্দালিব প্রিমার গত দুই দশকের শৈল্পিক যাত্রার প্রমাণ তুলে ধরে। এটি প্রিমার নান্দনিক দৃষ্টিভঙ্গির সাহসী পদক্ষেপের চিত্রও তুলে ধরেছে, যা তার প্রসঙ্গে দর্শনের চিত্র তুলে ধরে।
নাজিয়া আন্দালিব প্রিমা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে ‘অঙ্কন ও চিত্রায়ণ’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৯ সালে বিশ্বের অন্যতম লা বিয়েনেল দা ভেনেজিয়া-তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ প্যাভিলিয়নের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ভিজ্যুয়াল আর্টস বিভাগে বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) অ্যাওয়ার্ড, সৃজনশীল ক্ষেত্রে অসামান্য নারী হিসেবে অনন্যা পুরস্কারসহ উল্লেখযোগ্য বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।