‘ফিলিস্তিনে তৈরি’ ছাপযুক্ত পণ্য প্রবেশের অনুমতি দিল দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার বাণিজ্য ও শিল্প দপ্তর (ডিটিআই) ‘মেড ইন প্যালেস্টাইন’ বা ‘ফিলিস্তিনে তৈরি’ ছাপযুক্ত পণ্য সে দেশে প্রবেশের অনুমতি দিয়েছে। বুধবার এমন ঘোষণা এসেছে।পণ্য প্রস্তুতকারী দেশ সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দক্ষিণ আফ্রিকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার মন্ত্রিসভা সম্প্রতি বিষয়টির অনুমোদন দিয়েছে। খবর সিনহুয়া ও বাসসের।দক্ষিণ আফ্রিকা সরকারের মুখপাত্র জিমি ম্যানি বলেছেন, ১৯৪৮ সালে জাতিসংঘ ইসরায়েল ও ফিলিস্তিনের যে সীমানা নির্ধারণ করে দিয়েছিল, সেটা অনুমোদন দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। পরবর্তী সময়ে এই সীমানার বাইরে যেসব এলাকা দখল করে ইসরায়েল রাষ্ট্র করা হয়েছে তা স্বীকৃতি দেওয়া হয়নি। দক্ষিণ আফ্রিকার এই অবস্থানের ওপর ভিত্তি করেই মেড ইন প্যালেস্টাইন লেখা বা ছাপযুক্ত পণ্যের বিষয়টি অনুমোদন করা হয়েছে।এর আগে ফিলিস্তিনের মধ্যে তৈরি (কিন্তু বর্তমানে ইসরায়েলের দখলে রয়েছে) পণ্যের ছাপ বা লেবেলিংয়ের বিষয়ে জনমত যাচাইয়ের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছিল ডিটিআই।এই দপ্তরটি বলছে, ইসরায়েলের পণ্য বয়কট করার উদ্দেশেই মেড ইন প্যালেস্টাইন লেখা পণ্য প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে বিষয়টি তেমন নয়। বরং এটা দক্ষিণ আফ্রিকার ভোক্তাদের কোন দেশ থেকে পণ্যটি এসেছে তা জানার জন্য এটি করা হয়েছে, যেন তারা নিজেরাই ঠিক করতে পারে তারা কোনটা কিনবে।তবে দক্ষিণ আফ্রিকার ইহুদি সংগঠনগুলো এই সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ ও ‘ধ্বংসাত্মক’ বলে মন্তব্য করেছে। সংগঠনগুলো বলছে, বাণিজ্যকে গুরুত্ব না দিয়ে বরং ইসরায়েলবিরোধী রাজনৈতিক মনোভাবের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে ইসরায়েলের সরকারও দক্ষিণ আফ্রিকার এই সিদ্ধান্তকে ‘বর্ণবাদমূলক’ বলে মন্তব্য করেছে।