'ফেরত স্লিপ' না দেওয়ায় লোকসানে চামড়া বিক্রি

দক্ষিণাঞ্চলের বৃহত্তম চামড়ার মোকাম যশোরের রাজারহাটে এবার চামড়ার ন্যায্য দাম পাননি ব্যবসায়ীরা। কম দাম দেখে হাট থেকে চামড়া ফেরতও নিয়ে যেতে পারেননি তাঁরা। হাটের ইজারাদার ‘ফেরত স্লিপ’ না দেওয়ায় লোকসানে চামড়া বিক্রি করতে হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন।
ঈদের পর রাজারহাটের প্রথম হাটবার গতকাল শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, অন্য বছরের তুলনায় এবার চামড়ার সরবরাহ কম। ব্যবসায়ীরা চামড়ার স্তূপের পাশে অলস বসে আছেন। বেচাবিক্রি তেমন নেই। তবে মৌসুমি ব্যবসায়ী, ফড়িয়া ও আড়তদারদের ভিড় ছিল বেশি।
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে ১৩৬টি গরুর চামড়া নিয়ে শুক্রবার মধ্যরাতে হাটে আসা রাজু বাবু প্রথম আলোকে বলেন, ‘৬০টি চামড়া ১০০ টাকা করে লোকসানে বিক্রি হয়েছে। বাকি ৭৬টি চামড়া ফিরিয়ে নিতে চাই। তখন বাজার কমিটির লোকজন বলেন, ‘‘প্রশাসনের নির্দেশ, হাট থেকে চামড়া ফেরত যাবে না। লাভ-লোকসান যা হোক বিক্রি করে যেতে হবে।’’ ব্যাপারীদের বলা দামে বিক্রি করলে প্রতিটি চামড়ায় ১০০ টাকা করে লোকসান হয়।’
তবে রাজারহাটের ইজারাদার মো. হাসানুজ্জামান বলেন, ‘ঈদের আগে জেলা প্রশাসকের সভাকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, চামড়া পাচার ঠেকাতে ঢাকা, কুষ্টিয়া ও নাটোর ছাড়া অন্য কোথাও নেওয়ার জন্য হাট থেকে ফেরত স্লিপ দেওয়া যাবে না। এ কারণে হাট থেকে ফেরত স্লিপ দেওয়া হচ্ছে না। লোকসান হলে হাটের বিভিন্ন আড়তে ক্ষুদ্র ব্যবসায়ীরা অবিক্রীত চামড়া রেখে যেতে পারবেন।
বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দীন মুকুল বলেন, ঢাকার ট্যানারি মালিকদের সংগঠন থেকে বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে রাজারহাটে চামড়া কেনাবেচা হচ্ছে। এ কারণে বড় ব্যবসায়ীরা শঙ্কায় রয়েছেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি দামে মাঠ থেকে চামড়া কিনে হাটে এনে ন্যায্য দাম পাচ্ছেন না। এ কারণে অন্য বছরের তুলনায় এ বছর তিন ভাগের এক ভাগ চামড়া কম উঠেছে। নানাবিধ সংকটের মধ্যেও রাজারহাটে বেচাবিক্রি মোটামুটি ভালোই। গরু ও ছাগলের চামড়া মিলে শনিবার পাঁচ থেকে ছয় কোটি টাকার বেচাকেনা হয়েছে।
আলাউদ্দীন মুকুল আরও বলেন, ৭০ কেজি ওজনের এক বস্তা লবণ এখন ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় কিনতে হচ্ছে, যা ঈদের আগেও ছিল ৭০০ টাকা। লবণের চড়া দাম ও চামড়ার কম দামের কারণে চামড়া ব্যবসায়ীরা বিপাকে পড়ছেন।