'বন্ডে নজরদারি বাড়ান'
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের বন্ড সুবিধা ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানোর দাবি করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
এফবিসিসিআই সভাপতি বলেন, স্বল্প পরিসরে রপ্তানিকারকদের বন্ড সুবিধা প্রয়োজন। তবে বন্ড সুবিধার অপব্যবহার করে অনেক পণ্য বাজারে সয়লাব হচ্ছে। খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা এ বিষয়ে সোচ্চার হয়েছেন, তারা এসব পণ্য বিক্রি করতে চান না। ব্যবসায়ীরা মাথা উঁচু করে ব্যবসা করতে চান। তাই বন্ডে নজরদারি বাড়ান।
এনবিআর আয়োজিত আগামী ২০১৬-১৭ অর্থবছরের চলমান প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন আবদুল মাতলুব আহমাদ। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে আয়োজিত এই আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। তবে আলোচনার একপর্যায়ে অন্য একটি বৈঠকে যোগ দিতে তিনি চলে যান। তখন বৈঠকের সঞ্চালনার দায়িত্ব পালন করেন এনবিআর সদস্য ফরিদ উদ্দিন।
আলোচনায় বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা বন্ড সুবিধা অপব্যবহার বন্ধ করার দাবি করেন। এ ছাড়া শুল্ক ও মূসক বিষয়ে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তবে আজকের আলোচনায় ১০৭টি ব্যবসায়িক সংগঠনের অংশ নেওয়ার কথা থাকলেও এসেছিল মাত্র ২৪টি সংগঠন।
বৈঠকে আবাসনশিল্প মালিকদের সংগঠন রিহ্যাবের নেতারা আবাসন খাতে বিনা প্রশ্নে কালোটাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুবিধা চান। এ ছাড়া ফ্ল্যাট ও প্লট নিবন্ধন সংশ্লিষ্ট কর ও ফি কমানোসহ বেশ কয়েকটি দাবি করেন। সংগঠনটির পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি রবিউল হক ও লিয়াকত আলী ভূঁইয়া।
কালোটাকার বিষয়ে লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ আছে। তবে আমরা চাই, বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ দেওয়া হোক। এটি না দেওয়ার কারণে বর্তমান সুযোগটি কোনো কাজেই লাগছে না।’