মার্কিন যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার বিষয়টি বাংলাদেশের পদক্ষেপের ওপর নির্ভর করছে বলে স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি মিশেল ফ্রোম্যান। তিনি বলেছেন, ‘বল এখন বাংলাদেশের কোর্টে’।
ইন্দোনেশিয়ার দ্বীপ প্রদেশ বালিতে ডব্লিউটিওর নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের তৃতীয় দিন গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সম্মেলনস্থলে প্রথম আলোর এক প্রশ্নের জবাবে মিশেল ফ্রোম্যান এই কথা বলেন। বালির নাসু দুয়া আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিএনডিসিসি) গত বৃহস্পতিবার সকালে গুটি কয়েক স্বল্পোন্নত দেশের সাংবাদিকদের সঙ্গে ইউএসটিআরের পৃথকভাবে কথা বলার ব্যবস্থা করা হয়।
মিশেল ফ্রোম্যান আরও বলেন, সুনির্দিষ্ট কিছু কারণেই জিএসপি স্থগিত করা হয়েছে যা সবারই জানা। এটি হলো শ্রমিকের নিরাপত্তা ও শ্রমিকের অধিকার। এখন কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারখানার কাজের পরিশে উন্নত করাসহ শ্রমিকের অধিকার সুনিশ্চিত করার বিষয়ে বাংলাদেশকে পদক্ষেপ নিতে হবে।
ফ্রোম্যান বলেন, ‘এ জন্য বাংলাাদেশ সরকার একটি কর্মপরিকল্পনায় সম্মত হয়েছে। সেজন্য কাজও করছে। যদি তারা এসব পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে, তাহলে আমরা অবশ্যই জিএসপি ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করব।’
ফ্রোম্যানের নিজের ভাষায় ‘বল ইজ নাও ভেরি মাচ ইন কোর্ট অব বাংলাদেশ।’
উল্লেখ্য, এপ্রিল মাসে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার পর জুন মাসে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে দেওয়া জিএসপি-সুবিধা স্থগিত করে। যদিও বাংলাদেশের রপ্তানিমুখী পণ্যের মাত্র ১ শতাংশ জিএসপি-সুবিধা পেত, তার পরও যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে।
অবশ্য জিএসপি স্থগিতের পর যুক্তরাষ্ট্র সরকার বেশ কিছু কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে বলে। এর মধ্যে রয়েছে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নতকরণ, কারখানা ভবন ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শক নিয়োগ, ট্রেড ইউনিয়ন করার অধিকার ইত্যাদি।
প্রথম আলোর পক্ষ থেকে আরও প্রশ্ন করা হয়েছিল, স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে বাংলাদেশ, নেপাল ও কম্বোডিয়াকে এখনো যুক্তরাষ্ট্র শতভাগ শুল্কমুক্ত বাজারসুবিধা প্রদান করেনি। এটা কবে করা হবে?
মিশেল ফ্রোম্যান এই প্রশ্নের জবাব দিতে ডেপুটি ইউএসটিআর ও ডব্লিউটিওতে যু্ক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল পুংককে অনুরোধ করেন। মিশেল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বালি সম্মেলনে এলডিসিগুলোর জন্য শুল্ক ও কোটামুক্ত বাজারসুবিধা সমর্থন করছে। সম্মেলনের প্রস্তুতি পর্বে জেনেভায় এ বিষয়ে আলোচনায় অনেক উন্নয়শীল ও স্বল্পোন্নত দেশ ভিন্নমত দিয়েছে। কেউ বলেছে, শতভাগ বাজারসুবিধা দিলে তাদের বিদ্যমান সুবিধা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এখানে কিছু জটিলতা আছে।