২০২১ সালের মধ্যে দেশের পোশাক রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে উন্নীত করার পথনকশা তৈরি করতে ‘বাংলাদেশ আরএমজি ২০২১’ আয়োজন করা হচ্ছে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর এই আয়োজন হবে। এতে তৈরি পোশাক শীর্ষ সম্মেলন বা ‘অ্যাপারেল সামিট ২০১৪’সহ একাধিক সম্মেলন ও অগ্নিনিরাপত্তা প্রদর্শনী থাকবে। তিন দিনব্যাপী এই আয়োজনের মধ্যে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর উদ্যোগে ‘তৈরি পোশাক শীর্ষ সম্মেলন ২০১৪’ অনুষ্ঠিত হবে। উত্তর আমেরিকার পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্সের উদ্যোগে থাকবে ‘বাংলাদেশ ভবন ও অগ্নিনিরাপত্তা প্রদর্শনী’ এবং জিআইজেডের উদ্যোগে সামাজিক ও পরিবেশ খাতে অনন্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ কারখানাকে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক পণ্য নিরাপত্তা ও পরিবেশ বিষয়েও সম্মেলন সেখানে অনুষ্ঠিত হবে।