‘বাংলাদেশি’ মোড়কে বিক্রি হচ্ছে দিঘা ও মহারাষ্ট্রের ইলিশ
ইলিশপ্রিয় বাঙালিদের এবার প্রতারণা করছে কলকাতার একদল অসাধু খুচরা ইলিশ ব্যবসায়ী। এসব ব্যবসায়ী পশ্চিমবঙ্গের দিঘা, শংকরপুর, গুজরাট ও মহারাষ্ট্রের সমুদ্রের বড় আকারের ইলিশ বাজারে এনে বাংলাদেশের পদ্মার ইলিশ নামে বিক্রি করছে। কিন্তু এসব ইলিশ কিনে নিয়ে রান্নার পরই টের পাওয়া যাচ্ছে, এগুলো আদৌ বাংলাদেশের ইলিশ নয়। জানা গেছে, ভারতের গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলবর্তী আরব সাগরে বড় আকারের ইলিশ পাওয়া যায়। এই মাছ গন্ধ ও স্বাদহীন। তবে দেখতে খুবই সুন্দর। তাই এই দুই জায়গার ইলিশ এখন বাংলাদেশি ইলিশ হিসেবে চালিয়ে যাচ্ছে একশ্রেণীর অসাধু খুচরা ব্যবসায়ী। অন্যদিকে দিঘার ইলিশকে বাংলাদেশি বিভিন্ন কোম্পানির পলিব্যাগে ভরে বিক্রি করা হচ্ছে বাংলাদেশি ইলিশ নামে কলকাতার বাজারে। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন। কলকাতার হিলসা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইলিশ নিয়ে প্রতারণার এই বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, দিঘার ইলিশকে একদল খুচরা ব্যবসায়ী বাংলাদেশের পদ্মার ইলিশ হিসেবে বিক্রি করছে। তিনি আরও জানান, এবার শংকরপুর ও দিঘায় প্রচুর ইলিশ ধরা পড়েছে। এ ছাড়া গুজরাট ও মহারাষ্ট্রের বড় আকারের ইলিশকে বাংলাদেশের ইলিশ হিসেবে চালাচ্ছে কিছু খুচরা ব্যবসায়ী। উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশি ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে সীমিত পরিমাণ ইলিশ রপ্তানিকরা হয়। ফলে চাহিদা অনুযায়ী বাংলাদেশি ইলিশ বা পদ্মার ইলিশ পান না পশ্চিমবঙ্গের মানুষ। আর এই সুযোগটিই নিচ্ছেন সেখানকার একশ্রেণীর অসাধু ব্যবসায়ী।