'বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখতে চাই'
রহিমআফরোজের সঙ্গে যৌথভাবে ‘ফুজিয়ামা’ ইজিবাইক ব্যাটারি উৎপাদন করবে জাপানি কোম্পানি টেরা মোটরস

‘গুলশানের হামলার ঘটনাটি সবার মতো আমাকেও খুব ব্যথিত করেছে। তবে আমি জানি, বাংলাদেশের ৯৯ শতাংশ মানুষ এ ধরনের ঘটনা সমর্থন করে না। এ দেশে বিনিয়োগে তাই আমাদের সম্পূর্ণ আস্থা আছে। জাপানের অন্য বিনিয়োগকারীরা যাতে এ দেশে বিনিয়োগে আস্থা না হারায়, সেটি নিশ্চিতে কাজ করাকে আমি নিজের দায়িত্ব মনে করি।’
বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে এমন মনোভাব জানিয়েছেন জাপানের ১ নম্বর বিদ্যুৎ-চালিত ইজিবাইক নির্মাতা প্রতিষ্ঠান টেরা মোটরসের বিপণন পরিচালক আকিহিরো উয়েদা। দেশের সবচেয়ে বড় ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান রহিমআফরোজের সঙ্গে যৌথভাবে ‘ফুজিয়ামা’ ব্র্যান্ডের ব্যাটারি বাজারজাত করা শুরু করেছে উয়েদার প্রতিষ্ঠান টেরা মোটরস। এ জন্য দেশেই একটি ইজিবাইক ব্যাটারি নির্মাণ কারখানা নির্মাণ করেছে প্রতিষ্ঠান দুটি। ব্যাটারি উৎপাদন কারখানার উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে রহিমআফরোজ ও টেরা মোটরস।
পেশাগত কাজে চার বছরের বেশি সময় ধরে বাংলাদেশে বসবাস করছেন আকিহিরো উয়েদা। বাংলাদেশের মানুষের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের আন্তরিকতার কোনো তুলনা নেই। এ দেশে থেকেই ব্যবসার কাজ চালাতে চাই।’ আরেক দেশি মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রানারের সঙ্গে ইতিমধ্যেই যৌথ বিনিয়োগ করেছে তাঁর প্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইজিবাইকে ব্যবহৃত বিশেষ ব্যাটারি টেরা মটরস ও রহিমআফরোজের যৌথ কারখানায় উৎপাদন করা হবে। বর্তমানে দেশের বাজারে প্রতি মাসে এক লাখ এ ধরনের ব্যাটারির চাহিদা আছে, যার ৯০ শতাংশই বর্তমানে চীন থেকে আমদানি করা ব্যাটারি দিয়ে পূরণ করা হয়। বাজারের একটি উল্লেখযোগ্য অংশ দেশে তৈরি ব্যাটারির দখলে নিতেই এ উদ্যোগের কথা জানায় প্রতিষ্ঠান দুটি। বাজারে একটি ফুজিয়ামা ব্যাটারির দাম পড়বে ৯ হাজার ৮০০ থেকে ১০ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টেরা মোটরসের প্রকৌশলী জুন সাতো, রহিমআফরোজ স্টোরেজ পাওয়ার ডিভিশনের বিপণন ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ফারাজ এ রহিম, প্রধান পরিচালন কর্মকর্তা সাঈদ হাসান, রহিমআফরোজ অ্যাকিউমুলেটরসের প্রধান বিপণন কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ।