'বাংলাদেশের শ্রমিকের রক্তস্নাত পোশাক যুক্তরাষ্ট্র কিনবে না'

বাংলাদেশের শ্রমিকের রক্তস্নাত কোনো পোশাক যুক্তরাষ্ট্র কিনবে না। এটাই যুক্তরাষ্ট্রের বার্তা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একজন প্রভাবশালী নেতার এমন মন্তব্য তুলে ধরেছেন এ দেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তাঁর মতে, ‘বার্তাটি ছিল স্পষ্ট এবং শক্তিশালী।’
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল সোমবার দুপুরে রাষ্ট্রদূত মজীনা এসব কথা বলেন। মতিঝিলে ডিসিসিআইয়ের কার্যালয়ে ‘ডিসিসিআই হেল্পডেস্ক’ (সহায়তা কেন্দ্র)-এর উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজনের করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান।
ড্যান মজীনা দেশের তৈরি পোশাক নিয়ে এমন দিনে মন্তব্য করলেন, যেদিন থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গতকাল থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি কোনো পণ্য আর এ সুবিধা পাচ্ছে না। যদিও এ দেশের তৈরি পোশাক জিএসপি সুবিধা পেত না।
অনুষ্ঠানে মজীনা বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতের সাম্প্রতিক দুই বড় বিপর্যয়ের ঘটনা (তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধস) লোভ, দুর্নীতি এবং অজ্ঞতার ফল হিসেবেই ঘটেছে। তাঁর মতে, এ তিন কারণেই ওই দুটি বিপর্যয়ের ঘটনায় এক হাজার ২৪৩ জন নিরীহ শ্রমিকের প্রাণ গেছে। এই শ্রমিকেরা কোনো ভুল করেননি, তাঁদের কোনো অপরাধও ছিল না।
রাষ্ট্রদূত বলেন, ‘অনেকেই বলেন, এমন বিপর্যয় এর আগেও বাংলাদেশে হয়েছিল। কিন্তু সেসব ঘটনার পর কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।’
মজীনা বলেন, তাজরীন ও রানা প্লাজার মতো ঘটনা আর ঘটতে দেওয়া যায় না। দেশের তৈরি পোশাক খাতকে এ অবস্থা থেকে উত্তরণের সময় এসেছে। এ জন্য পোশাক কারখানার মালিক, শ্রমিক, সরকার, আন্তর্জাতিক ক্রেতা, আন্তর্জাতিক সংগঠন এবং বাংলাদেশের অংশীদার সবার একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, ‘আমাদের নতুন যুগ শুরু করতে হবে, যেখানে শ্রমিকের অধিকারকে সম্মান দেখানো হবে, শ্রমিকেরা নিরাপদ পরিবেশে কাজ করতে পারবেন এবং কোনো ধরনের বিপর্যয়ের ঘটনা আর ঘটবে না।’
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, এ দেশের তৈরি পোশাক খাতের বাজার, এ খাতের স্থায়িত্ব এবং নিরবচ্ছিন্ন ভালো প্রবৃদ্ধি সংকটে পড়তে পারে।...বিশ্বের বড় এবং স্বনামধন্য ক্রেতাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে অন্য দেশে তাদের ব্যবসা সরিয়ে নিতে পারে।’
মজীনা বলেন, শ্রমিকের অধিকার, স্বাধীনভাবে সংগঠন করার অধিকার, অগ্নিনিরাপত্তা, কারখানা ভবনের নিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলোর বিষয়ে এ দেশের পোশাক খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রেতাঁরা এসব সমস্যার গঠনমূলকভাবে দ্রুত সমাধান করতে পারেন। কিংবা খুব বেশি নজর না দিয়ে সামান্য কিছু বাস্তবায়ন করতে পারেন।
অনেক ক্ষেত্রেই কারখানার মালিকেরা দ্বিতীয় পদক্ষেপকেই গুরুত্ব দেন উল্লেখ করে মজীনা বলেন, অনেকেই শ্রমিকদের সংগঠিত হতে দিতে চান না। অনেক ক্ষেত্রেই ট্রেড ইউনিয়ন যাঁরা করেন, তাঁরা হয়রানির মুখে পড়েন। অনেক ক্ষেত্রেই লোক দেখানো ট্রেড ইউনিয়ন করে দেওয়া হচ্ছে, যেন শ্রমিকেরা স্বাধীনভাবে নিজেদের সংগঠিত করতে না পারেন।
জিএসপি নিয়ে মজীনা বলেন, যুক্তরাষ্ট্রের সরকার জিএসপি ফিরে পেতে বাংলাদেশের জন্য করণীয় কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। এসব কর্মপরিকল্পনার বাস্তবায়ন ভবিষ্যতে বাংলাদেশের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড কিংবা ভবনধসের মতো দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা করবে।
জিএসপি পুনর্বহালের বিষয়ে আগামী ডিসেম্বরে ওয়াশিংটনে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে যুক্তরাষ্ট্রের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলো মূল্যায়ন করা হবে। বাংলাদেশের পদক্ষেপ সন্তোষজনক মনে হলে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে পারে।
সহায়তাকেন্দ্রের উদ্বোধন: যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের (রেজসকো) সব ধরনের অনলাইন সেবা পাওয়া যাচ্ছে ডিসিসিআইয়ের সহায়তাকেন্দ্রে (হেল্পডেস্ক)।
কয়েক দিন আগ থেকেই পরীক্ষামূলকভাবে এ সহায়তাকেন্দ্র চালু হলেও গতকাল আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
সবুর খান বলেন, অনানুষ্ঠানিকভাবে ১০ দিন আগেই এ সহায়তাকেন্দ্রে কোম্পানি নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ১০টি প্রতিষ্ঠান এখান থেকে নিবন্ধন নিয়েছে।
রেজসকোর নিবন্ধক বিজন কুমার বৈশ্য বলেন, আগে কোম্পানি নিবন্ধন করতে কয়েক মাস লেগে যেত। অনেক হয়রানির শিকার হতে হতো। কিন্তু এখন অনেক ক্ষেত্রেই এক দিনের মধ্যে নিবন্ধন হয়ে যাচ্ছে।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহ্মদ বাংলাদেশের জিএসপিসুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ড্যান মজীনা ডিসিসিআইয়ে ‘ইউএস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস সেন্টার’ও উদ্বোধন করেন।