‘বাজেট নারী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হবে’
আগামী ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ইতিবাচক বলে মন্তব্য করেছে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস্ উইমেন এন্টারপ্রিনিয়ার্স বাংলাদেশ। বাজেটে ১০০ কোটি টাকার থোক বরাদ্দ নারী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হবে বলে মনে করছে তাঁরা। সংগঠনের সভাপতি মৌসুমী ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজেটকে এভাবেই স্বাগত জানায় অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস্ উইমেন এন্টারপ্রিনিয়ার্স। একই সঙ্গে বাজেট সঠিকভাবে বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাশা অনুযায়ী বাজেটে ১০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখার বিষয়টিও নারী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে। এতে করে নারীদের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে। নতুন নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি হবে। এ ছাড়া বাজেটে নারীদের জন্য ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়ার কথা ঘোষণা অত্যন্ত ইতিবাচক। অতীত অভিজ্ঞতা বলছে, জামানতবিহীন ঋণ দেওয়ার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো সব সময়ই গড়িমসি করে এবং শেষ পর্যন্ত এই ধরনের ঋণ দিতে অস্বীকৃতি জানায়। এ জন্য বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। এ ছাড়া ব্যাংকঋণের সুদের হার ১০ শতাংশের বেশি যেন না হয়, সে বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে নারী উদ্যোক্তা সংগঠনের সক্ষমতা বৃদ্ধির জন্য ১০০ কোটি টাকার তহবিল থেকে অনুদান প্রদান করার অনুরোধ করছে তারা।