'বাজেট নিয়ে বলে কী হবে, বেঁচে থাকতে পারলেই হয়'
জাতীয় সংসদে আজ ঘোষণা হচ্ছে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট। তবে বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব বেশি আগ্রহ নেই। অনেকে বলেছেন, তাঁরা বাজেট বোঝেন না, তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন না বাড়ে, তাঁরা যেন খেয়ে-পরে বেঁচে থাকতে পারেন, সে রকমই বাজেট প্রত্যাশা তাঁদের। বাজেট নিয়ে কথা বলতে গিয়ে, কেউ কেউ ক্ষোভ ঝেড়েছেন সরকারের ওপর।
আজ বৃহস্পতিবার দুপুরে কথা হয় কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী মো. সোহেল মিয়ার সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, আজ বাজেট ঘোষণা হবে কি না, জানি না। বাজেট নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য ভালো চলবে, সাধারণ মানুষের কাজের সুযোগ থাকলেই মনে হয় ভালো বাজেট হবে।
একই ধরনের কথা বলেন রহমান নামের এক শ্রমিক। তিনি বলেন, ‘বাজেট কী, আমি জানি না।’
কেনাকাটা করতে কারওয়ান বাজারে আসা মো. আজিম বললেন, সরকার যেটা ভালো মনে করবে, সেটাই করবে। জনগণ মরে গেলেও তাদের মাথাব্যথা নেই। তিনি পাল্টা প্রশ্ন করলেন, ‘বাজেট নিয়ে কথা বলে কী হবে? বেঁচে থাকতে পারলেই হয়।’
মধ্যবিত্তদের সংসার চালানো কত কঠিন উল্লেখ করে চাকরিজীবী আলী আজম বলেন, বছর পেরোলেই বাড়িভাড়া পাঁচ হাজার টাকা বেড়ে যায়। বাসা ভাড়া বৃদ্ধির ওপর কড়াকড়ি আরোপ করা উচিত। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও যেন হাতের নাগালে থাকে, সে কথা উল্লেখ করে বললেন, কিছু মানুষের হাতে যেন সম্পদ কুক্ষিগত না থাকে, সরকারের সেদিকে নজর দেওয়া উচিত।
দেশের উন্নয়নের তাগিদ দিয়ে একটি কাপড়ের দোকানের কর্মচারী মো. সোহেল বললেন, ‘বাজেটে আমাদের মঙ্গল দরকার নাই। দেশের উন্নতি হোক।’
আবার ওষুধ ব্যবসায়ী মোজাম্মেল হক চান ব্যবসাবান্ধব বাজেট। অন্যদিকে তামাকের ওপর অতিরিক্ত করারোপ করা দরকার বলে মনে করেন চাকরিজীবী সাইফুল ইসলাম।
বাজেটের কথা বলতেই সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে ক্ষুদ্র ব্যবসায়ী আনিস মিয়া বললেন, ‘যে সরকার নিজে নিজেই নির্বাচিত হয়, হে কি আর আমাগো কথা হুনবে? ওগো বাজেট ওরা করবে, আমাগো কথা হুনবে না।’
তবে বাজেট নিয়ে কোনো প্রত্যাশার কথা বলতে নারাজ ফল ব্যবসায়ী সিদ্দিক মিয়া বললেন, ‘সরকার তো আর আমার কথা চিন্তা করে বাজেট করবে না, করবে তাঁদের মতোই।’