‘বাধ্যতামূলক পিএসআই নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে ইমিটেশন অলংকার পণ্য আমদানিতে প্রাক-জাহাজীকরণ অনুসন্ধান (প্রি-শিপমেন্ট ইন্সপেকশন বা পিএসআই) সনদ নেওয়া বাধ্যতামূলক। ১৯৯১ সাল থেকে এই নিয়ম চলে আসছে। এসব কথা বলে বাংলাদেশ ইমিটেশন জুয়েলারি প্রস্তুতকারক, রপ্তানিকারক ও বণিক সমিতির সভাপতি আনিসুর রহমান বাদশা বলেন, ‘এ জন্য ব্যবসায়ীদের হয়রানির শিকার হতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই পিএসআই অনুমোদনকারী প্রতিষ্ঠান পণ্যের ক্রয়মূল্যের চেয়ে বেশি ধরে সনদ দেয়। এ কারণে ব্যবসায়ীদের বেশি শুল্ক দিতে হয়। তা ছাড়া অনেক সময় সনদ দিতেও দেরি করে প্রতিষ্ঠানগুলো। ফলে পণ্য বন্দরে এসে পৌঁছে থাকলেও খালাস করতে পারেন না ব্যবসায়ীরা।’আনিসুর রহমান আরও বলেন, অনেকেই ২০ শতাংশ জরিমানা দিয়ে পিএসআই ছাড়াই পণ্য আনতে আগ্রহ দেখাচ্ছেন। সরকারের পক্ষ থেকে চারবার এটি প্রত্যাহারের ঘোষণা দিলেও বাস্তবায়ন হয়নি। সম্প্রতি অর্থমন্ত্রী আগামী ডিসেম্বর থেকে এটি তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন—এমন তথ্য দিয়ে সভাপতি বলেন, ‘আশা করছি এবার পিএসআই তুলে দেওয়া হবে।’ আনিসুর রহমান আরও বলেন, চার-পাঁচ বছর আগে হঠাৎ করেই ইমিটেশন পণ্য আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়। ফলে বর্তমানে ৯২ শতাংশ আমদানি শুল্ক পরিশোধ করতে হয়। যদিও সম্পূরক শুল্ক আরোপের আগে ৫৯ শতাংশ শুল্ক দিতে হতো। যেহেতু ধনী-গরিব সবাই এখন ইমিটেশনের অলংকার ব্যবহার করছেন। তাই এসব পণ্যসামগ্রী হাতের নাগালে রাখার জন্য সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানান তিনি। সভাপতি বলেন, প্রায়ই সড়ক থেকে ট্রাকসহ মালামাল ছিনতাই হচ্ছে। মামলা-মোকদ্দমা করেও কোনো সমাধান হচ্ছে না। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে পুলিশের চাঁদাবাজি আশঙ্কাজনকভাবে বেড়েছে। ব্যবসায়ীদের স্বার্থে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার দাবি জানান তিনি।