‘বিক্রয়ে মূসক কমানো প্রয়োজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুনে ২০১২-১৩ অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। প্রথম আলোর সঙ্গে আলাপে আসন্ন বাজেট ঘিরে প্রত্যাশা ও চলতি বাজেট সম্পর্কে মূল্যায়ন করেছেন বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম।আমিনুল ইসলাম বলেন, বর্তমানে স্বর্ণালংকারের বিক্রির মোট অর্থের ওপর ২ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) দিতে হয়। আগামী বাজেটে এই হার কমিয়ে দেড় শতাংশ করা প্রয়োজন। তিনি বলেন, আইন অনুযায়ী একজন যাত্রী দেশে আসার সময় ২০০ গ্রাম পর্যন্ত স্বর্ণ কিংবা রুপা আনতে পারেন। প্রতি ভরি স্বর্ণে ১৫০ এবং রুপায় ছয় টাকা শুল্ক দিতে হয়। এই নীতিমালার আওতায় স্বর্ণ ব্যবসায়ীদের দু্ই কেজি পর্যন্ত স্বর্ণ কিংবা রুপা আনার সুযোগ দিতে হবে। পালিশ করা হীরা আমদানির শুল্কহার ২৫ শতাংশ করতে হবে। তাঁর মতে, করের হার ২ শতাংশ করা হলে সরকার ও ভোক্তা উভয়ই লাভবান হবেন। আর ব্যবসায়ীরা যদি দুই কেজি পর্যন্ত স্বর্ণ ও রুপা আনতে পারেন, তাহলে সাশ্রয়ী মূল্যে স্বর্ণ ও রুপা আমদানি নিশ্চিত হবে। স্বর্ণালংকার রপ্তানির দ্বারও উন্মোচিত হবে।তিনি আরও জানান, চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে স্বর্ণালংকার বিক্রির ওপর ৪ শতাংশ মূসক নির্ধারণ করা হয়েছিল। এটা ছিল বাজেটের নেতিবাচক দিক। কারণ, আগের অর্থবছরে এই হার ছিল দেড় শতাংশ। মূসক বাড়ানোয় ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েন। অবশ্য তাঁদের দাবির মুখে সরকার পরে তা ২ শতাংশ পুনর্নির্ধারণ করে।