'বিজিএমইএ কাদের প্রতিনিধিত্ব করছে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

হোসেন জিল্লুর রহমান বলেন, ‘বিজিএমইএ কাদের প্রতিনিধিত্ব করছে, সেটা একটা প্রশ্ন। যাঁরা কারখানার পরিবেশ উন্নত করছেন না, সস্তা শ্রমভিত্তিক পোশাক কারখানা চালাচ্ছেন এবং রাজনৈতিক যোগসাজশও করছেন, বিজিএমইএ তাঁদেরই প্রতিনিধিত্ব করছে।’

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে হোসেন জিল্লুর রহমান এ প্রশ্ন তোলেন। সাবেক সরকারি কর্মকর্তাদের গড়ে তোলা নাগরিক সংগঠন দ্য ঢাকা ফোরাম এবং গবেষণা সংস্থা চিন্তার চাষ ‘পোশাকশিল্পের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক ওই গোলটেবিলের আয়োজন করে।

হোসেন জিল্লুর রহমান বলেন, রানা প্লাজা ধসের পরও কিন্তু পোশাক খাতের রপ্তানির প্রবৃদ্ধি থেমে থাকেনি। কারণ একটি উদ্যোক্তা শ্রেণি নিজের মতো করেই তাঁদের কারখানার পরিবেশ উন্নত করেছে। কিন্তু বিজিএমইএ এসব উদ্যোক্তার প্রতিনিধিত্ব করছে না।

বৈঠকে নৌ-পরিবহনমন্ত্রীর সমালোচনা করে হোসেন জিল্লুর রহমান বলেন, ‘হঠাত্ করে পোশাক খাতে সরকারের একজন মন্ত্রীকে জড়িত হতে দেখলাম, যিনি একজন শ্রমিকনেতাও। শ্রম খাতে যাঁর আসার কোনো প্রয়োজনই নেই।’ তিনি আরও বলেন, তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের পক্ষে সরকার, বিজিএমইএ কেন দাঁড়াচ্ছে? সে প্রশ্নও তোলা দরকার।