১০ কোটি টাকা লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানে বললেন প্রতিষ্ঠানটির এমডি
'বিডিবিএলেও হল-মার্কের দুষ্ট বাতাস'
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডেও (বিডিবিএল) রয়েছে হল-মার্ক কেলেঙ্কারির দুষ্ট বাতাস। এই ব্যাংকের খেলাপি ঋণ বেশি থাকার জন্য হল-মার্ক কেলেঙ্কারিও কিছুটা দায়ী।
ঢাকায় সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার সরকারকে ১০ কোটি টাকার লভ্যাংশের চেক হস্তান্তর করার আগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনজুর আহমেদ এ কথা বলেন।
অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমানের কাছে বিডিবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ইয়াছিন আলী এই চেক হস্তান্তর করেন। ব্যাংকের পরিচালক শাহাবুদ্দিন আহমদ, সালমা নাসরীন, মো. এখলাছুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিডিবিএলের চেয়ারম্যান ও এমডি—দুজনই সচিবদের কাছে ব্যাংকের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
চেয়ারম্যান ইয়াছিন আলী বলেন, নতুনরূপে বিডিবিএলের যাত্রা শুরুর পর সপ্তমবারের মতো সরকারকে লভ্যাংশ দেওয়া হয়েছে। সেটি পারা যাচ্ছে অন্য কার্যক্রম থেকে আয় হচ্ছে বলে। যেমন শেয়ারবাজারে ব্যাংকটির নিজস্ব বিনিয়োগ রয়েছে, আবার ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) রয়েছে ২৫ শতাংশ মালিকানা।
প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) ঘাটতি নেই এবং মূলধনের পর্যাপ্ততা রয়েছে উল্লেখ করে ইয়াছিন আলী বলেন, এই ব্যাংকের বড় সমস্যা হচ্ছে খেলাপি ঋণ। একসময় মেয়াদি ঋণ বেশি দেওয়ার কারণে এমন সমস্যা তৈরি হয়েছে। নতুন সমস্যা হচ্ছে, বড় আকারের ঋণ বিতরণ করতে না পারা।
এমডি মনজুর আহমেদ জানান, ব্যাংকটি ধারাবাহিকভাবে মুনাফা করছে এবং লভ্যাংশও দিচ্ছে। তবে মুনাফার বড় অংশ আসছে সহযোগী কোম্পানি থেকে। তবে হল-মার্কের দুষ্ট বাতাস নিয়ে তিনি বিশদ কিছু বলেননি।
১ হাজার ২০০ অনুমোদিত জনবলের মধ্যে বর্তমানে ৭৭৪ জনকে দিয়ে ব্যাংক চালাতে হচ্ছে জানিয়ে মনজুর আহমেদ বলেন, ৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে শুরু করা বিডিবিএল এ পর্যন্ত কর ও লভ্যাংশ মিলিয়ে ৩০০ কোটি টাকারও বেশি সরকারকে ফেরত দিয়েছে।
অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন এ সময় বলেন, ‘কর তো দিতেই হবে। এ বিষয়ে বলার দরকার নেই।’ অর্থসচিব পরে আরও বলেন, ‘শুধু শুধু বলে দিলেন খেলাপি ঋণ বড় সমস্যা। কিন্তু ঋণ কেন খেলাপি হচ্ছে, তাও গভীরভাবে দেখতে হবে। দেখা গেছে, একজন উদ্যোক্তা তিন বছর পরে উৎপাদনে যাওয়ার কথা। কিন্তু চলতি মূলধন না পাওয়ায় তাঁকে উৎপাদনে যেতে হয়েছে পাঁচ বছর পর। তাঁরা ইচ্ছে করে খেলাপি হন না।’
২০০৯ সালে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) ও বাংলাদেশ শিল্প ব্যাংককে একীভূত করে গঠন করা হয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা বিডিবিএল। এটি দেশের ইতিহাসে বিপর্যস্ত দুটি আর্থিক প্রতিষ্ঠানকে একীভূত করার প্রথম ঘটনা। একীভূত দুটি প্রতিষ্ঠান অর্থাৎ বিডিবিএল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১০ সালের ৩ জানুয়ারি। গত ডিসেম্বর পর্যন্ত এ ব্যাংকের বিতরণ করা ঋণের প্রায় অর্ধেকই ছিল খেলাপি ঋণ—যা পরিমাণে ৭৩০ কোটি টাকা। এর মধ্যে শীর্ষ ২০ খেলাপির কাছেই ব্যাংকটির পাওনা ৩৫৮ কোটি টাকা।
বর্তমান এমডির আগে ব্যাংকটিতে পাঁচ বছর এমডির দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান—যিনি বর্তমানে ইসলামী ব্যাংকের পরিচালক। আগের পুঞ্জীভূত খেলাপি ঋণের পাশাপাশি জিল্লুর রহমানের পাঁচ বছরে যত ঋণ বিতরণ হয়েছে, সেগুলোর বেশির ভাগই এখন খেলাপি।
শীর্ষ খেলাপিদের নাম জানতে চাইলে অর্থসচিব কাউকে জবাব দিতে দেননি। তবে বিডিবিএল সূত্রে জানা গেছে, চট্টগ্রামভিত্তিক মোস্তফা গ্রুপের প্রতিষ্ঠান এম এম ভেজিটেবল অয়েলকে ২০১২ সালে দেওয়া ৭৬ কোটি টাকার ঋণই বর্তমানে ব্যাংকটির শীর্ষ ঋণখেলাপি। ৪২ কোটি টাকা নিয়ে ব্যাংকটির দ্বিতীয় শীর্ষ ঋণখেলাপি এখন ঢাকা ট্রেডিং হাউস।