'বিনিয়োগকারীদের আস্থা আছে'
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এবার সংবাদ সম্মেলনের মাধ্যমে শেয়ারবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা রয়েছে বলে দাবি করেছে। সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির পরিচালকেরা বলেন, ২০১২ সালের তুলনায় ২০১৫ সালে এসে বাজার মূলধন ৩১ শতাংশ বেড়েছে। এটি বিনিয়োগকারীদের আস্থারই প্রতিফলন।
এর আগে গত সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) সাংবাদিকদের ডেকে দাবি করেছিল, শেয়ারবাজারে আস্থার কোনো সংকট নেই। বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা নেই বলে যে কথা প্রচার করা হচ্ছে, তা মোটেও সঠিক নয়।
প্রথম আলোতে সোমবার ‘আস্থা নেই শেয়ারবাজারে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও ২০১০ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদের একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়।
ডিএসইর মতিঝিল কার্যালয়ে আয়োজিত গতকালের সংবাদ সম্মেলনে পুঁজিবাজার সংস্কারে বিএসইসির নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরা হয়। এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করেন, বিএসইসির নেওয়া পদক্ষেপ বা সাফল্যের চিত্র তো বিএসইসিরই তুলে ধরার কথা। ডিএসই কেন সেটি করছে। তাহলে কি বিএসইসি থেকে আদিষ্ট হয়ে ডিএসই সংবাদ সম্মেলনটির আয়োজন করেছে? জবাবে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, এ ধরনের কোনো আদেশ নেই। সংবাদ সম্মেলনে একাধিক সাংবাদিক জানতে চান, বিএসইসি অনেক ভালো আইন করেছে। কিন্তু সেগুলোর প্রয়োগ ও কার্যকারিতা কতটা হয়েছে? বাজারের কারসাজি কতটা রোধ হয়েছে? এর জবাবে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল মতিন পাটোয়ারি বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া।
লিখিত বক্তব্যে ডিএসইর ভারপ্রাপ্ত এমডি বলেন, সম্প্রতি পুঁজিবাজার নিয়ে কিছু নেতিবাচক বক্তব্যের কারণে বাজারে বিরূপ প্রভাব পড়ছে এবং বিনিয়োগকারীদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হচ্ছে না—এমন কথা বিভ্রান্তিমূলক এবং তা তথ্যনির্ভর নয়।
২৪ জানুয়ারি রাজধানীর র্যাডিসন হোটেলে আয়োজিত দুই দিনের বিনিয়োগ ও নীতি সম্মেলনের প্রথম দিনে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ বলেছিলেন, ‘পুঁজিবাজারই হওয়ার কথা ছিল দীর্ঘমেয়াদি মূলধন জোগান দেওয়ার বড় ক্ষেত্র। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমাদের শেয়ারবাজার তেমন নয়। দেশে-বিদেশে এটির ভাবমূর্তি খুবই দুর্বল বা খারাপ।’
সংবাদ সম্মেলনে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, পুঁজিবাজার খুবই সংবেদনশীল। তাই দায়িত্বশীল ব্যক্তিদের এ বাজার সম্পর্কে দেওয়া মন্তব্য তথ্যপ্রমাণভিত্তিক হওয়া উচিত।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ডিএসইর পরিচালক রুহুল আমিন, অধ্যাপক মো. কায়কোবাদ। এতে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির শেয়ারধারী পরিচালক খাজা গোলাম রসুল, মোহাম্মদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন।
বাজার পরিস্থিতি: এদিকে শেয়ারবাজারে সূচকের টানা পতন সপ্তাহের শেষ দিনে গতকালও অব্যাহত ছিল। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৫৭৪ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৮ পয়েন্ট।