‘বিমা-শিল্পে বকেয়া ব্যবসা একেবারে নেই’
‘বিমা-শিল্পে বকেয়া ব্যবসা একেবারেই নেই’ বলে জানিয়েছেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) চেয়ারম্যান শেখ কবির হোসেন। এ ছাড়া বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) বেঁধে দেওয়া হারে এজেন্ট কমিশন দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আজ সোমবার বিআইএর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বিভিন্ন বিমা কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বৈঠক করেন তিনি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবির হোসেন বলেন, বকেয়া ব্যবসা বন্ধের জন্য আইডিআরএ যে প্রজ্ঞাপন দিয়েছে, তা যথাযথভাবে পরিপালনের মাধ্যমে বিমা কোম্পানিগুলো উপকৃত হয়েছে। বর্তমানে বকেয়া ব্যবসা একেবারে নেই বলে জানান তিনি। ভবিষ্যতেও এই প্রজ্ঞাপন যথাযথভাবে বিমা কোম্পানিগুলোকে মেনে চলার আহ্বান জানান তিনি।কবির হোসেন জানান, আইডিআরএ ১৫ শতাংশ এজেন্ট কমিশন প্রদানের ব্যাপারে যে প্রজ্ঞাপন দিয়েছে, তা মেনে চলার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়টি যাতে যথাযথ পরিপালন হয়, সে লক্ষ্যে ১০ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স এজেন্ট কমিশনসহ সব অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ ছাড়া বর্তমানে যে ট্যারিফ ব্যবস্থা চালু রয়েছে, তা যথাযথভাবে পালনের জন্য আজকের বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।বিআইএর চেয়ারম্যান জানান, এজেন্ট ছাড়া বিমা কোম্পানিতে কমিশনের ভিত্তিতে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বন্ধ করে মাসিক বেতনভিত্তিক নিয়োগ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। এ ছাড়া রিলিজ আদেশ ছাড়া কোনো কোম্পানির কর্মকর্তা-কর্মচারী যাতে অন্য কোম্পানিতে চাকরি নিতে না পারেন, সে ব্যাপারেও আজ সিদ্ধান্ত নেওয়া হয়।এ দিকে আইডিআরএর চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মামলার নিন্দা জানান তিনি। একই সঙ্গে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারনের বিষয়ে হাইকোর্টের রায়কে স্বাগত জানান তিনি।