
যে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে, তাতে বেসরকারি খাতে ঋণের প্রবাহ আরেকটু বাড়ানোর ওপর জোর দেওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
২০১৩-১৪ অর্থবছরের প্রথমার্ধের ঘোষিত মুদ্রানীতির ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালেহউদ্দিন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এই অভিমত দেন। এ সময় তিনি আরও বলেন, মূল্যস্ফীতি যেহেতু খানিকটা প্রশমিত হয়েছে, সেহেতু অর্থপ্রবাহ বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিছুটা ছাড় দিয়েছে। এর মধ্য দিয়ে মুদ্রানীতিতে বেশ অনেকটা সংকুলানমুখী করা হয়েছে।
সালেহউদ্দিন বলেন, বিগত মুদ্রানীতিগুলোকে সংযত বলা হলেও বাস্তবে সেগুলো ছিল কিছুটা সংকোচনমূলক। মূল্যম্ফীতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সেটা করতে হয়েছিল। মূল্যস্ফীতি প্রশমিত হওয়ায় তা থেকে সরে আসা সম্ভব হয়েছে।
তবে আগেরবার যেখানে ১৮ শতাংশ হারে বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধির সীমা নির্ধারণ করা হয়েছিল, এবার সেখানে করা হয়েছে সাড়ে ১৫ শতাংশ—এই তথ্য উল্লেখ করে সালেহউদ্দিন বলেন, ঋণের চাহিদা কমে যাওয়ায় শেষ পর্যন্ত গতবার আর ১৮ শতাংশের মতো প্রবৃদ্ধি হয়নি। বাংলাদেশ ব্যাংকও ধরে নিয়েছে যে আগামী দিনে ঋণের চাহিদা কম থাকবে। কিন্তু চাহিদা বাড়তেও তো পারে। কাজেই, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির সীমা আরেকটু বাড়িয়ে বার্তা দেওয়া যেত যে বেসরকারি খাতের জন্য সুযোগ যথেষ্ট রয়েছে।
সালেহউদ্দিন আরও বলেন, বাংলাদেশ ব্যাংক নিজেই ৭ দশমিক ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। সে ক্ষেত্রে প্রবৃদ্ধির সহায়তার জন্য প্রকৃত খাতগুলোর উৎপাদন বাড়াতে বাড়তি বিনিয়োগ ও অর্থায়ন প্রয়োজন। আর তা সম্ভব হবে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাড়িয়ে।
সালেহউদ্দিন মুদ্রানীতি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঋণ এখন অল্প কিছু অঞ্চল ও ব্যবসায় কেন্দ্রীভূত হয়ে পড়ছে। এটা থেকে বেরিয়ে আসতে হবে।