'বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাশিক্ষায় পার্থক্য নেই'
শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাশিক্ষার মধ্যে পার্থক্য নেই বললেই চলে। দুই জায়গায় মাতৃভাষার চর্চা সেভাবে নেই। ইতিহাস পড়ানো হয় না। দেশীয় সামাজিক-সাংস্কৃতিক আচরণের শিক্ষা দেওয়া হয় না। এ কারণে এখানকার শিক্ষার্থীদের মধ্যে বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়। আর বিচ্ছিন্নতা তো একটি রোগ। বিচ্ছিন্নতা থেকেই এই তরুণেরা মাদকাসক্ত হয়ে পড়েন, নয়তো জঙ্গি হন।
গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত রাজনীতিক, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি কনভেনশনে সিরাজুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, জঙ্গিবাদে যুক্ত হয়ে পড়া তরুণেরা পুঁজিবাদী মানসিকতার। তাঁরা ইহকালে পুঁজিবাদী। আর এখন পরকালের জন্য পুঁজি সংগ্রহের চেষ্টা করছেন। তা ছাড়া বাঙালি পরিচয়ে এখন আর অনেকে গৌরব বোধ করছেন না। এ কারণে তাঁরা মুসলমান পরিচয়ে গৌরব বোধ করছেন। এর ফলে যা হওয়ার তা-ই হচ্ছে।
সিরাজুল ইসলাম চৌধুরী এই ভয়াবহ পরিস্থিতি থেকে তরুণদের বের করে আনার উপায়ও বলেছেন। এক. তাঁদের মধ্যে জ্ঞানের চর্চা বাড়াতে হবে। এই জ্ঞান ইতিহাসচর্চার, নিজেকে জানার, কৃষ্টি-সংস্কৃতিকে জানার। দুই. তরুণদের কাজ দিতে হবে। তবে এই কাজ জীবিকা নির্বাহের কাজ নয়। এই কাজ হতে হবে জীবনের জন্য। তিনি বলেন, ২৫ বছর যাবৎ ছাত্র সংসদ নির্বাচন হয় না। ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে কী করছেন, কীভাবে সময় কাটাচ্ছেন, সেই হিসাব কেউ রাখছে না।
আলোচনায় অংশ নিয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রসফায়ারে হত্যা আর জঙ্গিদের হামলায় হত্যার মধ্যে কোনো পার্থক্য দেখি না। রাষ্ট্রীয় বাহিনী একটা সিদ্ধান্ত নিয়ে অপরাধী বলে ক্রসফায়ার করছে। আর জঙ্গিরা বলছে, তারা রায় দিয়েছে, ওরা ততটা মুসলমান নয় বা অন্য ধর্মের, তাই হত্যা করা হচ্ছে।’
বাম মোর্চার সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, সাংবাদিক গোলাম মোর্তুজা প্রমুখ।