'বেসিক ব্যাংকে ডাকাতি হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্র খাতের বেসিক ব্যাংকে অনিয়ম নয়, বরং ডাকাতি হয়েছে। তবে আর ডাকাতি করতে দেওয়া হবে না। ব্যাংকটিকে এখন ভালো অবস্থানে ফিরিয়ে আনতে হবে। গ্রাহকদের আস্থায় আনতে সব পর্যায়ে উদ্যোগী হতে হবে।
বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলনে ব্যাংকটির নতুন চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেন। ব্যাংকের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন এমডি খোন্দকার মো. ইকবালের সভাপতিত্বে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যাংকের ডিএমডি, জিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খোন্দকার মো. ইকবাল নতুন এমডি হয়েছেন। তিনি কর্মজীবনে সোনালী ব্যাংকের ইউকে শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন।
সূত্র জানায়, সম্মেলনে নতুন এমডি সোনালী ব্যাংকের ইউকে শাখার দায়িত্বে থাকাকালে কিছু অভিজ্ঞতার চিত্র তুলে ধরেন। ওই সময় তিনি বেসিক ব্যাংকে ফোন করে অনুরোধ করেছিলেন তাঁদের ওখানে ঋণপত্র (এলসি) স্থাপন করতে। তখন বেসিক ব্যাংকের এমডি ছিলেন এ কে এম সাজেদুর রহমান। ব্যাংকটি তখন দেশের সেরা দু-একটি ব্যাংকের মধ্যে ছিল। কিন্তু গত কয়েক বছরে বেসিক ব্যাংকের পরিস্থিতি এতটা খারাপ পর্যায়ে পৌঁছেছে যে সোনালী ব্যাংকের ইউকে শাখা এখন তাঁদের এলসি নিচ্ছে না।
উচ্চ খেলাপি ঋণ হওয়ায় উদ্বেগ প্রকাশ করে মো. ইকবাল বেসিক ব্যাংকে খেলাপি ঋণ কমিয়ে আনতে শাখা ব্যবস্থাপকদের নির্দেশ দেন বলে জানা গেছে।
২০০৯ সালের পর বেসিক ব্যাংকে বিপুল পরিমাণে ঋণ অনিয়ম হয়েছে। ২০১০-১৩ সময়ে অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠানে বিপুল ঋণ দিয়েছে বেসিক ব্যাংক। সে সময় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আবদুল হাই ওরফে বাচ্চু। কিন্তু মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে পদত্যাগ করেন আবদুল হাই।
জানা গেছে, আবদুল হাই সরকারের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতেই পদত্যাগ করেন। ব্যাংকটিতে শোচনীয় অবস্থা তৈরির জন্য শাস্তি না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ উল্টো তাঁকে সম্মানজনকভাবে বের হয়ে যাওয়ার পথ তৈরি করে দেয়।