'ব্যাংকের মাধ্যমে বাড়িভাড়া রাজনৈতিক চাপে হচ্ছে না'

চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রণয়নের আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে বলা হয়েছিল, ২৫ হাজার টাকার বেশি বাড়িভাড়া হলেই ভাড়াটেদের কাছ থেকে বাড়িওয়ালাদের তা ব্যাংকের মাধ্যমে নিতে হবে।
বাজেট বক্তব্যে গত জুনে অর্থমন্ত্রী কিছুটা পরিবর্তন করে ঘোষণা দেন ২৫ হাজার টকার বেশি হলেই বাড়িওয়ালারা বাড়িভাড়া নেবেন চেকের মাধ্যমে।
এর দেড় মাস পর গত ২২ জুলাই এনবিআর জারি করল পরিপত্র। যাতে অবস্থান আরও নমনীয় করে বলা হয়, বাড়িভাড়া চেকে নিতে হবে এমন কোনো কথা নেই। বরং বাড়িওয়ালারা পৃথক একটি হিসাব খুলে বাড়িভাড়ার টাকা জমা রাখবেন, ভাড়া নগদ আকারে নিয়েও ওই হিসাবে জমা রাখতে পারবেন।
এখন তা থেকেও সরে এসেছে সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্পষ্ট করেই জানালেন, রাজনৈতিক কারণে ব্যাংকের মাধ্যমে বাড়িভাড়া নেওয়ার বিষয়টি এ বছর তিনি কার্যকর করতে পারছেন না।
সচিবালয়ে গতকাল সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সাংসদ লিন ফিদারস্টোনের নেতৃত্বাধীন একটি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই না পারার বিষয়ে অর্থমন্ত্রী তাঁর সরল স্বীকারোক্তি দেন।
করের আওতা কেন বাড়ছে না বা ভাড়াটেদের কাছ থেকে চেকের মাধ্যমে বাড়িভাড়া নেওয়ার বিষয়টি কেন কার্যকর হচ্ছে না—জানতে চাইলে মুহিত বলেন, ‘রাজনীতি হলো সমঝোতার খেলা। সবাই জোটবদ্ধভাবে বাড়িভাড়ার এ বিষয়টি নিয়ে এমন বিরোধিতা শুরু করল যে আমি আমার অবস্থান থেকে সরে এসেছি। তবে আগামী বছর থেকে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পুরোপুরি না পারলে আংশিক হলেও করব।’
তবে সরকার বাড়িওয়ালাদের যে তালিকা করেছে, তাঁদের সবাইকে কর দিতে হবে বলে জানান অর্থমন্ত্রী।
ব্রিটিশ সাংসদ করের আওতা ও কর-জিডিপি অনুপাত বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেছেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান কর-জিডিপি অনুপাতে আমি সন্তুষ্ট নই। যদিও এনবিআর প্রতিবছরই দেখায় যে করদাতা বাড়ছে।’
এদিকে পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে এবার বুদ্ধিজীবীদের ইঙ্গিত করে ‘স্টুপিড’ বললেন অর্থমন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেন, ‘যাঁরা বলেন যে পদ্মা সেতু নিয়ে কোনো কাজ হচ্ছে না, তাঁরা স্টুপিড। বুদ্ধিজীবীরা বলেন, এ ব্যাপারে কোনো কাজ হয়নি। শত্রুর মুখে ছাই দিয়ে সবকিছুই হয়েছে।’
অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের জিনিসপত্র এসে গেছে। এখন শুধু কাজ হবে। তিনি বলেন, ‘আমি দেখি যে অনেকের মধ্যেই বড় কোনো স্বপ্ন নেই। অনেকে ব্যক্তিগতভাবে বড় স্বপ্ন দেখেন, কিন্তু জাতীয়ভাবে দেখেন না। লক্ষ্য বড় থাকলে কিছু না কিছু তো বাস্তবায়িত হয়ই।’