'ব্রেক্সিটের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না'
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রভাব বাংলাদেশের ওপর খুব বেশি পড়বে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল। তিনি বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুতের ৪ শতাংশের কম ব্রিটিশ মুদ্রা পাউন্ডে রাখা আছে। এ ছাড়া পাউন্ডের দর কমে যাওয়ার প্রবণতা ক্ষণস্থায়ী। কারণ, ব্রিটেনের অর্থনীতির ভিত্তি শক্তিশালী আছে।
আজ বুধবার বিনিয়োগ বোর্ড আয়োজিত বাজেট নিয়ে এক আলোচনা সভায় বিরূপাক্ষ পাল এসব কথা বলেন। ‘বাংলাদেশের অর্থনীতি : সাম্প্রতিক বাজেট ও আবির্ভূত চ্যালেঞ্জ’ শীর্ষক এ আলোচনা সভা মতিঝিলে বিনিয়োগ বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেন, ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে গেলে বাংলাদেশের রপ্তানিতেও খুব বেশি প্রভাব পড়বে না। কারণ, বাংলাদেশ কম দামি পোশাক তৈরি করে। অর্থনৈতিক সংকট তৈরি হলে সস্তা পোশাক রপ্তানি বাড়ে বলে অতীতে দেখা গেছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ ও সাবেক সচিব ওয়ালিউল ইসলাম। সম্প্রতি যুক্তরাজ্যের জনগণ গণভোটে ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয়, যা ব্রিটেন এক্সিট বা সংক্ষেপে ব্রেক্সিট নামে পরিচিত।